Advertisement
E-Paper

কাজের মাঝেই ঝিমিয়ে পড়ছেন! দিনে একটি ‘এনার্জি বল’ সমস্যার সমাধান করবে, বলছেন চিকিৎসক

নিজেকে কষ্টেসৃষ্টে টেনে তুলতে হয় চা, কফি, সুস্বাদু মিষ্টি, নোনতা, ভাজাভুজি খাবার— ইত্যাদি হাজারো টোটকায়। তাতে তাৎক্ষণিক শক্তি পেলেও দীর্ঘমেয়াদে নানারকম ক্ষতির সম্ভাবনা বাড়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১৯:৪৮
ক্লান্তি কাটাবে ‘এনার্জি বল’!

ক্লান্তি কাটাবে ‘এনার্জি বল’! ছবি: সংগৃহীত।

সকাল সকাল কাজের উদ্যম পূর্ণমাত্রায়। কিন্তু বেলা গড়াতেই একটু একটু করে চেপে বসতে থাকে ক্লান্তি। দুপুরের খাবার খাওয়া হয়ে গেলেই শরীর জুড়ে ঝিমুনি নামে। তার পরে তাকে কষ্টেসৃষ্টে টেনে তুলতে হয় চা, কফি, সুস্বাদু মিষ্টি, নোনতা, ভাজাভুজি খাবার— ইত্যাদি হাজারো টোটকায়। তাতে তাৎক্ষণিক শক্তি পেলেও দীর্ঘমেয়াদে নানারকম ক্ষতির সম্ভাবনা বাড়ে। কারণ, মিষ্টি, নোনতা, ভাজাভুজি কোনওটিই নিয়মিত খাওয়া শরীরের জন্য ভাল নয়। সমস্যার সমাধানে এক বিশেষ এনার্জি বলের টোটকা দিয়েছেন এক চিকিৎসক।

লন্ডন নিবাসী ওই চিকিৎসকের নাম রুপি অজুলা। তিনি এমার্জেন্সি মেডিসিন বা আপৎকালীন ওষুধের প্র্যাকটিশনার। সম্প্রতি নিজের সমাজমাধ্যমে তিনি বলেছেন, ‘‘দুপুরবেলার ওই ক্লান্তি আপনার একার নয়। হয়তো দেখবেন অফিসে আপনার পাশের চেয়ারে বসে যে মেয়েটি বা ছেলেটি কাজ করছে, তারও একই সমস্যা হচ্ছে। শুধু লজ্জায় বলতে পারছে না।’’ সমস্যার সমাধান কি? চিকিৎসক জানিয়েছেন, শরীরের ওই ঝিমুনি রোগ কাটাতে কাজে দিতে পারে বাড়িতে বানানো এক সুস্বাদু খাবার। নাম ‘এনার্জি বল।’ তাঁর কথায়, ‘‘দিনে একটি করে খেলেই তা সকাল থেকে সন্ধ্যা চাগিয়ে থাকবে স্ফূর্তি।’’

চিকিৎসক জানাচ্ছেন কেবল মাত্র ৬টি উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যাবে ওই বল। ১২টি এমন বল বানাতে কী কী লাগবে, তার একটি তালিকাও দিয়েছেন চিকিৎসক।

Advertisement

১। ১৫০ গ্রাম খোলা সমেত পেস্তাবাদাম

২। ১৫০ গ্রাম মেজদুল খেজুর কুচিয়ে নেওয়া

৩। ২ টেবিল চামচ কাকাও বিনের পাউডার (ভারতে এই পাউডার সহজলভ্য, এই বিনের চাষও হয় দক্ষিণ ভারতে। চকোলেট তৈরির কোকো এই বিন থেকেই প্রস্তুত করা হয়।)

৪। ২ টেবিল চামচ হেম্প সিডস (না পেলে সম পরিমাণে কাকাও পাউডার)

৫। ৩ টেবিল চামচ তিল বাটা

৬। ১ টেবিল চামচ নারকেল তেল বা ভাল ঘি

এ ছাড়া অল্প কিছুটা পেস্তাবাদাম আলাদা করে গুঁড়িয়ে নিতে হবে। উপরে ছড়ানোর জন্য

কী ভাবে বানাতে হবে?

প্রথমে খেজুর কুচি হালকা গরম জলে ভিজিয়ে রাখতে হবে ১০ মিনিট। তার পরে জল ফেলে দিতে হবে। এর পরে মিক্সির মধ্যে ভেজানো খেজুর কুচি এবং বাকি সমস্ত উপকরণ দিয়ে ভাল ভাবে বাটতে হবে। হাতে অল্প তেল বা ঘি লাগিয়ে ছোট ছোট বল বানিয়ে নিয়ে পেস্তার গুঁড়োয় মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এনার্জি বল। বায়ুনিরোধক পাত্রে রেখে ফ্রিজে রেখে দিন ১ ঘণ্টা। তা হলেই খাওয়ার জন্য প্রস্তুত। ফ্রিজারে রাখলে এই বল তিন মাস পর্যন্ত ভাল থাকতে পারে। ফ্রিজে সাধারণ জায়গায় রাখলে ৫-৭ দিন ভাল থাকবে।

কেন কাজ করবে?

পেস্তাবাদাম ধীরে ধীরে শক্তির জোগান দেয়। এতে রয়েছে ফ্যাট, প্রোটিন, ফাইবার। এতে ভিটামিন বি৬ এবং আয়রনও থাকে। এ ছাড়া তিলে আছে ভিটামিন বি১ এবং বি৬। কাকাওয়ে থাকা ম্যাগনেশিয়াম মেজাজ ভাল রাখতে সাহায্য করে। সেই সঙ্গে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে অক্সিজেনের জোগান দেয়। এ ছাড়া প্রতিটি বলে ৫ গ্রাম প্রোটিন, ৩ গ্রাম ফাইবার থাকে বলে জানাচ্ছেন চিকিৎসক। যা খাওয়ার ইচ্ছে কমায়। আর খেজুরের প্রাকৃতিক চিনি দীর্ঘ ক্ষণ শরীরকে প্রয়োজনীয় শক্তির জোগান দেয়।

Boost Energy Energy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy