ক্যানসার নামটা শুনলেই আতঙ্ক হয়। আর ফুসফুসের ক্যানসার নিয়ে যে পরিমাণ আলোচনা হয় চারদিকে, তাতে ভয় হওয়ারই কথা। দূষণ যে ভাবে বাড়ছে তাতে ক্যানসার বাসা বাঁধতে পারে যে কারও শরীরেই। শুধু যে ধূমপান এর জন্য দায়ী তা তো নয়। আবহাওয়া যে ভাবে বদলাচ্ছে, তার সঙ্গে পাল্লা রেখে মানুষের শরীরেও অনেক বদল আসছে। খাওয়াদাওয়ার অভ্যাস, যাপন পদ্ধতিতেও অনেক পরিবর্তন এসেছে। তাই রোগের লক্ষণও যে বদলাবে তাতে আর আশ্চর্যের কী আছে। ফুসফুসের ক্যানসার মানেই যে নাগাড়ে কাশি বা শ্বাস নিতে কষ্ট তা নয়, আরও অনেক অজানা লক্ষণ দেখা দিচ্ছে যা এড়িয়ে গেলেই বিপদ।
ফুসফুসের ক্যানসারের অজানা কিছু লক্ষণ
ক্যানসার কোষ ফুসফুস বা শ্বাসনালিতে মাথাচাড়া দিতে পারে। ক্যানসার কোষের যত বিভাজন হয়ে সংখ্যায় বাড়বে, ততই তার প্রভাব পড়বে শরীরের নানা জায়গায়। দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেল্থ থেকে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, ফুসফুসে যদি টিউমার তৈরি হয় এবং তাতে ক্যানসার সৃষ্টিকারী প্রোটিন থাকে, তা হলে সেই প্রোটিন বেরিয়ে রক্তে মিশে যায়। স্বাভাবিক ভাবেই তা সারা শরীরে ছড়াতে থাকে। দেখা যায়, এই প্রোটিন আঙুলের কোষগুলির ক্ষয় ঘটাতে থাকে। ফলে আঙুল ফুলে ওঠে, নখের চারপাশে ক্ষত বা কালচে দাগ দেখা দিতে থাকে। ফুসফুসের ক্যানসারের এটিও একটি লক্ষণ।
আরও পড়ুন:
ক্যানসার হচ্ছে ফুসফুসে, কিন্তু এর প্রভাব পড়ছে চোখে, এমনও দেখা গিয়েছে। ফুসফুসের উপরের অংশে যদি ক্যানসার কোষ ছড়াতে থাকে তবে তা ঘাড় ও গলার কাছের স্নায়ু কোষগুলির ক্ষতি করে। ফলে যেমন গলার স্বরে বদল আসতে পারে, তেমনই চোখের মণিতেও পরিবর্তন ঘটতে পারে। কী রকম? চোখের পাতা ঝুলে পড়বে, মণির আকারে বদল আসবে! এমন লক্ষণ যদি দেখা দেয়, তা হলে দেরি না করেই চিকিৎসকের কাছে যেতে হবে। গলা বা চোখের সমস্যা হলে শুরুতেই ক্যানসার বলে মনে না-ও হতে পারে। তবে খেয়াল করতে হবে, কাশি, শ্বাসকষ্ট বা এমন আনুষঙ্গিক লক্ষণগুলির পাশাপাশি এই সব লক্ষণও দেখা দিতে থাকবে।
শ্বাসকষ্ট যে হবেই, এমনটা নয়। অনেক সময়ে টিউমার যদি কাঁধের স্নায়ু বা হাড়ের দিকে ছড়িয়ে পড়ে, তা হলে বুকে ও কাঁধে তীব্র ব্যথা অনুভূত হয়। পিঠের দিকেও ব্যথা হয়। এই ব্যথা একটানাও হতে পারে আবার মাঝেমধ্যে প্রচণ্ড যন্ত্রণা হতে পারে। একে সাধারণ হাড়ের ব্যথা ভেবে এড়িয়ে যান অনেকেই।
আমেরিকার ক্যানসার ট্রিটমেন্ট সেন্টারের চিকিৎসকেরা জানিয়েছেন, অন্তত ২৫ শতাংশ ফুসফুসের ক্যানসারের রোগীই পিঠ, কাঁধ ও আঙুলের যন্ত্রণায় ভোগেন। তাই এমন ব্যথাবেদনা আচমকা শুরু হলে বা দীর্ঘ সময় ধরে হতে থাকলে দেরি না করে এক্স-রে এবং এমআরআই করিয়ে নেওয়া জরুরি। এতেও ধরা পড়ে ক্যানসার কোষ শরীরে ছড়িয়ে পড়ছে কি না।