শরীর একটু বিগড়োলেই দিদিমা, ঠাকুরমা-রা তুলসীপাতা চিবিয়ে খেতে বলতেন। নানা রোগের মোকাবিলায় তুলসীপাতার কোনও জবাব নেই। শুধু পাতাই নয়, তুলসীর বীজও কিন্তু স্বাস্থ্যের পক্ষে দারুণ উপকারী। তুলসীপাতার মতোই তুলসীর বীজও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ উপকারী। তুলসীর বীজ আবার খাবেন কী করে? জলে কিংবা দুধে ভিজিয়ে রেখে এই বীজ খাওয়া হয়।
আর কী গুণ রয়েছে তুলসীর বীজের?
১) নিয়মিত জলে ভিজিয়ে রাখা তুলসীর বীজ খেলে হজমশক্তির উন্নতি হয়। তুলসীর বীজে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এই উপাদানটি খিদে কমাতে সাহায্য করে। এই বীজ আপনার ওজন কমাতেও দারুণ সহায়ক।
২) গরমের সময়ে শরীরের তাপমাত্রা বেড়ে যায়। অনেকেই পেটের সমস্যায় ভোগেন। এই সময়ে তুলসীর বীজ খেলেই হবে মুশকিল আসান। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে খাদ্যতালিকায় এই বীজ রাখতেই পারেন। পেট ঠান্ডা থাকবে এবং পেটের সমস্যাও দূর হবে।
৩) সাধারণ সর্দি এবং ফ্লু জাতীয় সমস্যা থেকেও মুক্তি পেতে এই বীজের জুড়ি মেলা ভার। শুধু তা-ই নয়, পেশিতে টান পড়লেও এই বীজ খেলে আরাম পাওয়া যাবে।
৪) কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? এই সমস্যা সমাধানে তুলসীর বীজ কিন্তু দারুণ উপকারী। এই বীজ গরম জল বা দুধের সঙ্গে মিশিয়ে খেলে গ্যাসের ব্যথায় আরাম মেলে।
৫) তুলসীর বীজে উপস্থিত ডায়েটেরি ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। নিয়মিত এই বীজ খাদ্যতালিকায় রাখলে ডায়াবেটিক রোগীদের জন্য বেশ উপকারী।