Advertisement
E-Paper

গরমে ঘামের গন্ধ থেকে রেহাই পেতে সুগন্ধি বাছবেন! রোল অন না স্প্রে, কোনটিতে আস্থা রাখা যেতে পারে

সুগন্ধি নিয়ে সকলেই যে ভীষণ শৌখিন হন, তা নয়। বরং গরমের দিনে ঘামের গন্ধ থেকে রেহাই পেতেও অনেকে নিজেকে সুরভিত রাখতে চান। রোল অন না স্প্রে পারফিউম, কোনটিকে বেছে নেবেন। গরমের জন্যই বা ভাল হবে কোনটি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ২০:৪৩
সুগন্ধি কেমন হলে গরমে ভাল?

সুগন্ধি কেমন হলে গরমে ভাল? ছবি: এআই সহায়তায় প্রণীত।

সুগন্ধি শুধু সুরভিত করে না, বরং ব্যক্তি বিশেষের ব্যক্তিত্বের পরিচায়ক হয়ে ওঠে অনেক সময়ে। সুগন্ধিতেই চেনা যায় মানুষটিকে। বোঝা যায় তাঁর রুচি-পছন্দ। তবে সুগন্ধি নিয়ে সকলেই যে ভীষণ শৌখিন হন, তা নয়। বরং গরমের দিনে ঘামের গন্ধ থেকে রেহাই পেতেও অনেকে নিজেকে সুরভিত রাখতে চান।

আতর থেকে এসেনশিয়াল অয়েল, সুগন্ধি তেল, রোল অন, পারফিউম— নানা ভাবেই সুগন্ধির ব্যবহার হয়। তবে যদি বেছে নিতে হয় রোল অন এবং স্প্রে পারফিউমের মধ্যে কোনও একটিকে, কোনটিকে চিহ্নিত করবেন? গরমের জন্যই বা ভাল হবে কোনটি?

রোল অনে যে সুগন্ধি মেলে, তা তুলনামূলক ভাবে ঘন, কিছুটা তৈলাক্ত হয়। ব্যবহারের জন্য রোল অন অ্যাপ্লিকেটর থাকে। পালস পয়েন্ট বা শরীরের যে অংশগুলি স্পর্শ করে ধমনী বা হৃৎস্পন্দন অনুভব করা যায়, সেই সব স্থানে সরাসরি এটি প্রয়োগ করা যায়। স্প্রে-র মতো এতে বাতাস থাকে না। ত্বকেই ব্যবহার করতে হয়। অন্য দিকে, স্প্রে পারফিউম শুধু নিজেকে সুরভিত করার জন্য নয়, বরং আশপাশের মানুষও তা টের পেতে পারেন। কারণ, এই ধরনের সুগন্ধি উদ্বায়ী হয়। অনেক সুগন্ধিতে অ্যালকোহলও যোগ করা থাকে, ত্বকে বা পোশাকে স্প্রে করলে সৌরভ বাতাসেও ছড়িয়ে পড়ে। তবে তা কতটা দীর্ঘস্থায়ী হবে বা ক্ষণস্থায়ী হবে তা নির্ভর করে সুগন্ধির মানের উপরে।

সুবিধা-অসুবিধা

রোল অনের মাধ্যমে যে সুগন্ধীর ব্যবহার হয়, তা ততটা উদ্বায়ী নয়। তা ছাড়া, এটি তুলনামূলক ভাবে ঘন হয়। ফলে শরীরে সেই গন্ধ থেকে যায় দীর্ঘ ক্ষণ। এর অসুবিধা হল, সুগন্ধি স্প্রের মতো তা বাতাসে ছড়িয়ে পড়ে না। ফলে আশপাশের লোকজন কিন্তু সেই সৌরভ টের পান না। ত্বকের সমস্যা থাকলে বা যাঁদের সুগন্ধি নাকে গেলে গন্ধে সমস্যা, তাঁদের জন্য রোল অন ভাল। কারণ, এর সৌরভ বাতাসে সে ভাবে ছড়িয়ে পড়ে না। ফলে যাঁরা খুব মৃদু গন্ধ পছন্দ করেন, তাঁরা এটি ব্যবহার করতে পারেন।

অন্য দিকে, স্প্রে-র বড় সুবিধা হল চট করে ব্যবহার করা যায়, এক বা দুই বারে সারা শরীরেই দিয়ে ফেলা যায়। যদি চান, সৌরভ আপনার ব্যক্তিত্বের পরিচায়ক হোক, তা হলে স্প্রে ভাল। এর অসুবিধা হল, হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা থাকলে, সুগন্ধি বাষ্পীভূত হয়ে নাক পর্যন্ত পৌঁছোলে কষ্ট হতে পারে।

সুতরাং সুবিধা-অসুবিধা দুটোরই আছে। এর মধ্যে কোনটি বেছে নেওয়া যায়, তা নির্ভর করবে ব্যক্তি বিশেষের প্রয়োজন এবং পছন্দের উপরে। যাঁদের কৃত্রিম গন্ধ নাকে গেলে কষ্ট হয়, উচ্চকিত কোনও গন্ধ সহ্য হয় না তাঁদের জন্য রোল অন ভাল। আর যাঁরা চান সৌরভ হোক ছড়িয়ে পড়ুক, তাঁরা বেছে নিতে পারেন স্প্রে।

Perfume
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy