Advertisement
E-Paper

লিভার সিরোসিসে মৃত্যু বলিউডের প্রযোজক পহলাজের! কী কী লক্ষণ দেখলেই সতর্ক হবেন রোগটি নিয়ে

গত চার মাস ধরে লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’-এর প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহলানী। এই রোগ হলে কোন কোন উপসর্গ দেখে টের পাবেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১৪:৫৩
লিভার সিরোসিসে ভুগছিলেন প্রয়াত পহলাজ নিহলানী।

লিভার সিরোসিসে ভুগছিলেন প্রয়াত পহলাজ নিহলানী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

লিভারের রোগের সঙ্গে লড়াইয়ের অবসান হল। চলে গেলেন বলিউড প্রযোজক পহলাজ নিহলানী। ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’-এর প্রাক্তন চেয়ারম্যান বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বটে, কিন্তু কিছু দিন আগে লিভার সিরোসিসও ধরা পড়ে তাঁর। গত চার মাস ধরে এই রোগে ভুগছিলেন তিনি। জানা গিয়েছে, গত এক মাস ধরে নানা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বুধবার, ৪ জুন, মুম্বইয়ের এক হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৬ বছরের প্রযোজক।

‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’-এর প্রাক্তন চেয়ারম্যান।

‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’-এর প্রাক্তন চেয়ারম্যান। ছবি: সংগৃহীত

কী এই রোগ?

লিভার বা যকৃত শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। খাবার হজম করতে, বিষাক্ত উপাদান ছেঁকে বার করতে এবং বিপাকীয় স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে লিভার। তবে অতিরিক্ত চর্বি জমা, অ্যালকোহল সেবন বা সংক্রমণের কারণে লিভার বার বার ক্ষতিগ্রস্ত হলে সেখানে ক্ষত বা দাগ তৈরি হতে পারে, যাকে সিরোসিস বলা হয়। লিভারের শেষ পর্যায়ের রোগ হিসাবে দেখা হয় এটিকে। এই রোগে লিভারের ভাল কোষগুলি নষ্ট হয়ে স্থায়ী ক্ষত তৈরি হয়। এর ফলে লিভার আর ঠিক ভাবে কাজ করতে পারে না। ত্বকে ক্ষত হলে তা যেমন ধীরে ধীরে সেরে যায়, লিভারের এই ক্ষত বা সিরোসিস কখনও পুরোপুরি নিরাময় হয় না। এর ফলে লিভারে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। ধীরে ধীরে এক সময়ে, গোটা অঙ্গই অকেজো হয়ে পড়ে এই রোগে। আগে কেবল অ্যালকোহল সেবনকেই দোষ দেওয়া হত, কিন্তু পরবর্তী কালে বোঝা গিয়েছে এই রোগ আরও একাধিক কারণে হতে পারে।

লিভারের স্বাস্থ্য নিয়ে সতর্ক হোন।

লিভারের স্বাস্থ্য নিয়ে সতর্ক হোন। ছবি: সংগৃহীত

কী ভাবে রোগটিকে শনাক্ত করবেন?

প্রথম দিকে এই রোগের কোনও লক্ষণ তেমন টের পাওয়া যায় না, তবে রোগের তীব্রতা বাড়লে নানাবিধ সমস্যা চোখে পড়ে—

· সব সময়ে ভীষণ ক্লান্ত লাগা

· খিদে কমে যাওয়া

· হঠাৎ ওজন কমে যাওয়া

· জন্ডিস (চোখ ও প্রস্রাব হলুদ হওয়া)

· পেটে ও পায়ে জল জমে ফুলে যাওয়া

· শরীরের নানা জায়গায় চুলকানি হওয়া

· পেটে হালকা অস্বস্তি

· ঘন ঘন সংক্রমণ হওয়া

সিরোসিস হলে তা আর কেবল লিভারের রোগ হিসাবে চিহ্নিত হয় না, সামগ্রিক ভাবে স্বাস্থ্যের অবনতি হয়। ক্ষতিগ্রস্ত হয় রক্ত চলাচল পদ্ধতি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজমক্ষমতা। কিন্তু এই লক্ষণগুলি টের পেলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Liver Cirrhosis liver health Pahlaj Nihalani
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy