Advertisement
E-Paper

ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটারে কাজ, অবসর কাটে মোবাইলে ডুবে, তার ফাঁকে কী ভাবে চোখের যত্ন নেবেন

বর্তমান পরিসরে স্ক্রিন টাইম বেড়েছে অনেকটাই। কাজ থেকে বিনোদন— সবটাই হয় মোবাইল, কম্পিউটার পর্দায় চোখ রেখে। চাপ পড়ে চোখেও। এমন পরিস্থিতিতে কী ভাবে নিজেই চোখের যত্ন নেবেন

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ২০:০৭
চোখ ভাল রাখতে কোন কাজটি করবেন?

চোখ ভাল রাখতে কোন কাজটি করবেন? ছবি: সংগৃহীত।

পেশাজগতে বদল এসেছে। ফুরিয়েছে কাগজ-কলমের দিন। কাজের জগতে ঘণ্টার পর ঘণ্টা এখন কাটে ল্যাপটপ, কম্পিউটারের পর্দায় চোখ রেখে। যেটুকু সময় বাঁচে, সেই সময়টাও দখল করে থাকে মোবাইল কিংবা টিভি। গত কয়েক বছরে এক ধাক্কায় বেড়েছে স্ক্রিন টাইম। পর্দার ব্লু-লাইট ক্ষতিকর জানা সত্ত্বেও পর্দার আকর্ষণ এড়ানো কঠিন। এমন পরিস্থিতিতে চোখ ভাল থাকবে কী করে?

চোখের চিকিৎসকেরা বলেন, চোখ ভাল রাখতে পুষ্টির ভূমিকা জরুরি। দরকার ভিটামিন এ এবং খনিজ। দুধ, গাজর, ডিম, মাছ-সহ নানা রকম ফল, সব্জি খেলে চোখ ভাল থাকে। তবে দিনভর কাজ এবং বিনোদনের কারণে চোখের উপর যে চাপ পড়ে, সেই চাপ সামলে চোখ ভাল রাখবেন কী করে?

২০-২০-২০: দীর্ঘ ক্ষণ মোবাইল বা ল্যাপটপে চোখ রাখার ফলে, চোখের পাতা ফেলতে ভুলে যান অনেকে। চোখের পেশি, স্নায়ু শুকিয়ে যেতে শুরু করে। চোখের জল শুকিয়ে গেলে শুরু হয় জ্বালা। এমন সমস্যার সমাধান করতে পারে ২০-২০—২০ পদ্ধতি। এই পন্থায় ২০ মিনিট অন্তর ২০ মিটার দূরে ২০ সেকেন্ডের জন্য তাকাতে হবে। তবে তা কোনও স্ক্রিনের দিকে নয়। ভাল হয় খোলা জায়গায় চোখ রাখলে। চাইলে ২০ সেকেন্ড চোখ বুজেও রাখা যায়। এতে চোখের বিশ্রাম হয়।

চোখের পাতা ফেলা: খুব মনোযোগ দিয়ে কাজ করার সময় চোখের পাতা ফেলতে ভুল যান অনেকে। চিকিৎসকেরা মনে করাচ্ছেন এমন অভ্যাস চোখের জন্য ভাল নয়। মাঝেমধ্যে সচেতন ভাবেই চোখের পাতা ফেলা অভ্যাস করতে হবে।

জল: শরীর শুকিয়ে গেলে বা শরীরে জলের অভাব হলে চোখেও হবে। চোখের জল আসলে চোখের সুরক্ষা বর্ম। চোখ ভাল রাখার জন্য এবং চোখের জল যাতে শুকিয়ে না যায় সে জন্য পর্যাপ্ত জল খাওয়া জরুরি। দিনে ২ থেকে আড়াই লিটার জল খাওয়া দরকার। কমাতে হবে ঘন ঘন চা-কফি খাওয়া। বেশি মদ্যপান করলেও শরীরে জলশূন্যতা দেখা দিতে পারে।

নীল আলো: মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের স্ক্রিন বা পর্দা থেকে নীল আলো বার হয়। এই আলো চোখের পক্ষে ক্ষতিকর। চোখ বাঁচাতে ব্লু লাইট বা নীল আলো প্রতিরোধ করতে পারে এমন চশমা পরুন। স্ক্রিনের উপর গার্ড বা কভার লাগাতে পারেন।

আলো: ঘর অন্ধকার করে মোবাইল, ল্যাপটপের স্ক্রিন বা পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখের উপর চাপ পড়ে বেশি। আলো জ্বালিয়ে বা আলোর মাত্রা চোখের সঙ্গে মানানসই করে তার পরেই স্ক্রিনে চোখ রাখা দরকার।

Eye Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy