Advertisement
E-Paper

ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে, মেদ গলানোর তিন শর্ত মনে করালেন করিনার পুষ্টিবিদ ঋজুতা

ওজন কমাতে গিয়ে দুর্বল, ক্লান্ত হয়ে পড়লেই বিপদ। স্বাস্থ্য বজায় রেখে মেদ ঝরানোর তিন পরামর্শ দিলেন পুষ্টিবিদ ঋজুতা দিবেকর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ২০:২৬
ওজন কমানোর সময় কোন শর্ত মানা জরুরি?

ওজন কমানোর সময় কোন শর্ত মানা জরুরি? ছবি:সংগৃহীত।

সামনেই বিদেশ যাত্রা। শৌখিন পোশাক পরার জন্য ঝরাতে হবে মেদ! সামনে বোনের বিয়ে। তাই জিমে গিয়ে কসরত। ওজন কমানোর লক্ষ্য যতটা না সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, তার চেয়ে বেশি সুন্দর হয়ে ওঠায় জোর দিচ্ছে তরুণ প্রজন্ম। বছরভর শারীরচর্চা নয়, বরং উৎসবকে সামনে রেখে রোগা হওয়াই হয়ে উঠছে লক্ষ্য। অনুষ্ঠান ফুরোলেই যে-কে সেই! বন্ধ ডায়েট।

বিপদ লুকিয়ে সেখানেই, মনে করালেন মুম্বইয়ের অভিজ্ঞ পুষ্টিবিদ ঋজুতা দিবেকর। করিনা কপূরের ওজন ঝরানোর নেপথ্যে তাঁর ভূমিকা ছিল। তবে পুষ্টিবিদ মোটেই কড়া ডায়েট দেন না। বরং তাঁর সাফ কথা, যিনি যে খাবার খেতে অভ্যস্ত, ওজন কমবে তা খেয়েই।

ওজন কমানোর ৩ শর্ত

শর্ত ১: ধীরে নয়, ওজন কমানোয় দ্রুত গতিতেই বিশ্বাসী তরুণ প্রজন্ম। ২-৩ মাসে ১০-১৫ কেজি মেদ গলানোর লক্ষ্যমাত্রা নিয়ে ফেলছেন অনেকেই। ঋজুতা বলছেন, বিপদ সেখানেই। দ্রুত ওজন কমলে, শরীর তার সঙ্গে মানিয়ে নিতে পারবে না। ফলে মেদ গলার সঙ্গে সঙ্গে ক্ষয়ে যাবে পেশি, জেল্লা হারাবে ত্বক এবং আচমকা চামড়া ঝুলেও যেতে পারে। ঋজুতা বলছেন, ২ কেজি হোক বা ২০ কেজি, ওজন কমাতে হবে নির্দিষ্ট ছন্দ মেনে। বছরে সামগ্রিক শারীরিক ওজনের ৫ থেকে ১০ শতাংশই কমানো যেতে পারে, তার বেশি নয়। নিয়ম মেনে ওজন কমলে তবেই ডায়াবিটিস থেকে উচ্চরক্তচাপের ঝুঁকি কমবে।

শর্ত ২: চেনা পরিচিত খাবার ছেড়ে দিয়ে পুষ্টিগুণ নিয়ে আলোচনা হতেই অনেকে নানা রকম বিদেশি খাবার খাওয়াও শুরু করেন। যে খাবারের নাম হয়তো বেশ কয়েক বছর আগেও জানা ছিল না, ডায়েটে মুখ্য হয়ে উঠছে সেই খাবার। ঋজুতার কথায়, ভারতীয় খাবারে বৈচিত্র্য রয়েছে। যে যা খেতে ভালবাসেন ইডলি,দোসা, মাছ-ভাত, মাংস-ভাত, রুটি-তরকারি তা খেয়েই ওজন কমানো সম্ভব। শুধু প্রোটিন, কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন, খনিজের মাত্রা যেন ঠিক থাকে, সেটাই দেখতে হবে। ক্যালোরি নিয়ন্ত্রণে পরিমিত খাওয়া জরুরি।

শর্ত ৩: কোনও খাবারকে ‘সুপারফুড’ বলা হলেও তা কোনও জাদু করতে পারে না। সকালে উঠে ডিটক্স পানীয়, নির্দিষ্ট প্রাতরাশ কোনওটিতে আচমকা ওজন কমে না। মেদ গলানোর পন্থা রয়েছে। পুষ্টির দিকে নজর দেওয়া জরুরি, কোনও বিশেষ খাবার খেয়ে চট করে ওজন কমবে, এই ধারণা ঠিক নয়।

Rujuta Diwekar Weight Loss Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy