খাবার ফ্রিজে ভরতে বা ঘরের তাপমাত্রায় রাখতে, তাতে ঢাকা দেওয়ার বাসন খোঁজাও এতদিন বেশ ঝক্কির ছিল। ছোট, বড় মাপের পাত্রের জন্য নানা মাপের ঢাকনা হাতের কাছে পাওয়াও সহজ ছিল না। তবে মুশকিল আসান করেছে সিলিকনের ঢাকনা। অনলাইন থেকে অফলাইনে দেদোর বিকোচ্ছে পাতলা এই ঢাকনা। যে কোনও মাপের পাত্রেই তা সুন্দর ভাবে খাপ খেয়ে যায়। কোনও ঢাকনা ধরার সুবিধার জন্য ছোট হাতল থাকে, কোনওটিতে থাকে না। তবে ব্যবহারের সুবিধার জন্যই হেঁশেলে এর কদর বাড়ছে।
তবে খাবার ঢাকা দেওয়ার জন্য ব্যবহার হওয়া সিলিকনের ঢাকনা কতটা নিরাপদ?
ঘরের তাপমাত্রায় থাকা খাবার ঢাকা দেওয়ার ক্ষেত্রে সিলিকনের ঢাকনা নিরাপদ। এতে সাধারণত শরীরের পক্ষে ক্ষতিকর কিছু থাকে না। তবে সিলিকনেরও মান আছে। তার উপর নির্ভর করবে এটি আদৌ ক্ষতিকর কিনা।
২০২৩ সালে পাবমেডে প্রকাশিত সিলিকন সংক্রান্ত একটি গবেষণা বলছে, অতিরিক্ত তাপমাত্রায় বা অযত্নে সিলিকনের ঢাকনা ব্যবহারের ফলে খাবারে খুব সামান্য পরিমাণে সিলিকন ওলিগোমারস মিশতে পারে। তবে পরীক্ষা-নিরীক্ষার সময় যে তাপমাত্রা এবং চাপ ব্যবহার করা হয়েছিল, সচরাচর তা রান্নাঘরে করা হয় না। তবে নিরাপদ উপায় হল, খাবার গরম করার সময় সিলিকনের ঢাকনা ব্যবহার না করা। ফ্রিজে বা ঘরের তাপমাত্রায় খাবার রাখা হলে সিলিকন থেকে কোনও ক্ষতিকর পদার্থ খাবারে মিশবে না।
২০২০ সালের একটি গবেষণাতেও দেখা গিয়েছে, উচ্চ তাপমাত্রায় সিলিকনের ছাঁচ ব্যবহার হলে তবেই তা থেকে স্বাস্থ্যহানির ঝুঁকি তৈরি হতে পারে। তবে সিলিকনের ঢাকনা উচ্চ তাপমাত্রায় ব্যবহার না হলে, তা থেকে স্বাস্থ্যের ক্ষতির ভয় থাকবে না। তবে আরও একটি গবেষণায় উঠে এসেছে, মূলত সাইক্লিক সিলোক্সেন নামক রাসায়নিক উপাদান ক্ষতিকর। কিছু সিলিকন পণ্যে এই উপাদানগুলো খুব সামান্য পরিমাণে থাকতে পারে। তবে উচ্চমানের সিলিকনে এটি থাকে না।
সিলিকনের ঢাকনা ব্যবহারের সময় কোন বিষয়গুলি দেখা দরকার
১। সিলিকনের মান সম্পর্কে নিশ্চিত হয়ে, সেটি খাদ্যদ্রব্য রাখার জন্য ব্যবহার করা যায় কি না সে ব্যাপারে নিশ্চিত হয়ে তবেই সিলিকনের ঢাকনা বা কৌটো কেনা দরকার।
২। রান্না করার সময় বা খাবার গরম করার সময় সিলিকনের ঢাকনা ব্যবহার করা ঠিক নয়। বরং ঘরের তাপমাত্রায় রাখা খাবার ঢাকা দিতে এটি ব্যবহার করা যাবে।
৩। সরাসরি রান্নার জন্য বা খাবার গরমের জন্য সিলিকনের ঢাকনা বা পাত্র ব্যবহার না করাই ভাল।
৪। খাবারে যদি গন্ধ হয়, তা হলেও এ নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন।