জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন করিশ্মা তন্না। হিন্দি ছোটপর্দার চেনা মুখ তিনি। বেশ কিছু আলোচিত ধারাবাহিকে অভিনয়ও করেছেন। বিয়ের চার বছর পরে মা হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী। শীঘ্রই পরিবারে আসতে চলেছে নতুন অতিথি।
সুস্থ ভাবে সন্তানের জন্ম দিতে কী করা উচিত আর কী করা ঠিক নয়, তাই নিয়ে হবু মায়েদের মনে নানা প্রশ্ন জাগে। সম্প্রতি একটি পডকাস্টে এসে করিশ্মা এক পুষ্টিবিদের কাছে জানতে চান, অন্তঃসত্ত্বা অবস্থায় পেঁপে খাওয়া কি সত্যিই উচিত নয়?
দীর্ঘদিন ধরেই মানুষের ধারণা যে অন্তঃসত্ত্বা অবস্থায় পেঁপে খাওয়া নিরাপদ নয়। এমনকি অনলাইন ও অফলাইনে অনেককেই এমনও দাবি করেন যে, এই ফলটি খেলে গর্ভপাতের ঝুঁকিও থাকে। এই ধারণা কি ঠিক? পুষ্টিবিদ শ্বেতা শাহ বলেন, ‘‘হবু মায়েদের জন্য পেঁপে খাওয়া খুবই নিরাপদ। সমস্যা হতে পারে কাঁচা পেঁপে খেলে। তবে লোকে পাকা পেঁপেকেও বাতিলের খাতায় ধরে ফেলেন, সেটা ভুল।’’
কাঁচা পেঁপেতে ল্যাটেক্সযুক্ত পদার্থ রয়েছে। তা গর্ভাশয় সঙ্কোচনের কারণ হতে পারে। পুষ্টিবিদ করিশ্মাকে বলেন, ‘‘পেঁপে পাকার সঙ্গে সঙ্গে এর কষ বা ল্যাটেক্সের পরিমাণ কমতে থাকে। পাকা পেঁপে হবু মায়ের কোনও ক্ষতি করে না। বরং আপনার নিয়ম করে পেঁপে খাওয়া উচিত।’’ পুষ্টিবিদের মতে, পাকা পেঁপেতে থাকে বিটা-ক্যারোটিন। এটি অন্তঃসত্ত্বা মহিলাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দিতে পারে।