Advertisement
E-Paper
WBState_Assembly_Elections_Lead0_02-05-26

রান্নার আগে কাঁচা মাংস জলে ধুয়ে নেন? এর ফলে গোটা রান্নাঘরে কী ভাবে সংক্রমণ ঘটছে জানেন?

রান্নার আগে কাঁচা মুরগির মাংস জলে ধুয়ে রাখার এই অভ্যাসের হাত ধরেই যে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে, সে বিষয়ে সকলে অবগত নন। কী ভাবে পরিষ্কার করবেন, জেনে নিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৯:১৮
মাংস ধোয়ার অভ্যাস কি আদৌ স্বাস্থ্যকর?

মাংস ধোয়ার অভ্যাস কি আদৌ স্বাস্থ্যকর? ছবি: এআই সহায়তায় প্রণীত।

রান্নাঘরে কাঁচা মুরগির মাংস ধোয়ার অভ্যাস ঘরে ঘরে। দুর্গন্ধ, রক্তের দাগ, ময়লা ইত্যাদি দূর করার জন্য জলে ধুয়ে তার পর রান্না করা হয়। কিন্তু এই অভ্যাসের হাত ধরেই যে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে, সে বিষয়ে সকলে অবগত নন। পরিষ্কার পরিচ্ছন্নতার মোড়কে আসলে নিজের পরিবারের জন্য অস্বাস্থ্যকর কাজ করে ফেলছেন অনেকে। এতে উল্টে স্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে তোলা হচ্ছে।

রান্নার আগে কাঁচা মাংস ধুলে কী হতে পারে?

দিল্লির এমস প্রশিক্ষিত স্নায়ুরোগ চিকিৎসক রাহুল চাওলার মতে, কাঁচা মুরগি কলের জলের নীচে রেখে ধোয়া আদৌ নিরাপদ নয়। কারণ, এতে মুরগির মাংসের উপরে থাকা ক্ষতিকর জীবাণু জলে ছিটকে রান্নাঘরের চারপাশে ছড়িয়ে পড়ে, সিঙ্ক, বাসনপত্র, কাটিং বোর্ড, এমনকি অন্যান্য খাবারেও পৌঁছে যেতে পারে। মাংস ধুতে গিয়ে আপনি আদপে গোটা রান্নাঘরটিকে অস্বাস্থ্যকর করে তুলছেন। জলে ধোয়ার পদ্ধতি মোটেও ব্যাক্টেরিয়া নাশ করতে পারে না। এই মাংসে সাধারণত সালমোনেল্লা বা ক্যাম্পিলোব্যাক্টার নামের জীবাণু থাকতে পারে, যেগুলি সংক্রমণ ঘটাতে সক্ষম। সেখান থেকে অন্ত্রের রোগ হতে পারে। শুধু জল দিয়ে ধুলে এই জীবাণু নষ্ট হয় না, বরং চারদিকে ছড়িয়ে পড়ে সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

তা হলে কী ভাবে মাংসকে পরিষ্কার করবেন?

যদি মনে হয়, মাংস পরিষ্কার না করে রান্না করতে পারবেন না, অথবা ঘৃণার উদ্রেক হবে, তা হলে জলভর্তি বাটিতে মাংস চুবিয়ে রেখে ধীরে ধীরে পরিষ্কার করতে পারেন। দেখবেন, যেন সেই জল চারদিকে ছিটকে না পড়ে। তা হলে ব্যাক্টেরিয়া রান্নাঘরের অন্যত্রও ছড়িয়ে ছিটিয়ে যাবে। তাই কলের জলের নীচে রেখে ধুতে যাবেন না ভুলেও। বরং টিস্যু পেপার দিয়ে মুছে নিতে পারেন মাংসের টুকরোগুলি। অথবা যদি পালক, রক্তের দাগ বা হাড়ের টুকরো চোখে পড়ে, সেগুলি ছুরি দিয়ে কেটে ফেলতে পারেন। পাশাপাশি এটা মাথায় রাখতে হবে, রান্নার সময়েই সমস্ত ব্যাক্টেরিয়া মরে যায়, বরং জল দিয়ে ধুয়ে বিশেষ উপকার হয় না।

Chickens Kitchen Hacks Health Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy