Advertisement
E-Paper

ঘণ্টার পর ঘণ্টা অফিসে বসে? জলও রাখবেন না পাশে! নীরোগ থাকার সহজ কৌশল বলছেন ৬০-এর মিলিন্দ

ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার অভ্যাসই ধীরে ধীরে ঘাড়, কোমর, পিঠের পেশিকে আড়ষ্ট করে দেয়। সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছেন সুপারমডেল মিলিন্দ সোমন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২১
সুস্থ থাকার টিপ্‌স দিলেন মিলিন্দ।

সুস্থ থাকার টিপ্‌স দিলেন মিলিন্দ। ছবি: সংগৃহীত।

অফিসে বসে বসে কাজ করার ফলে শরীরে জং ধরে যেতে শুরু করে। অফিসের ৮-১০টি ঘণ্টার এই জীবনে যেন চেয়ারই একমাত্র সঙ্গী। কিন্তু এই বসে থাকার অভ্যাসই ধীরে ধীরে ঘাড়, কোমর, পিঠের পেশিকে আড়ষ্ট করে দেয়। শরীর ভারী লাগে, ক্লান্তি জমতে থাকে, মনও ভার হয়ে থাকে। তবে শরীরের এমন অচলাবস্থা কেবল যে পেশির ক্ষতি করে, তা-ই নয়, একাধিক জটিল রোগের কবলে পড়তে পারেন আপনি।

সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছেন সুপারমডেল মিলিন্দ সোমন। ৬০ বছরের তারকা বিশেষত তাঁদের নিয়ে কথা বললেন, যাঁরা ঘণ্টার পর ঘণ্টা বসে বসে কাজ করেন। ফিট থাকার সহজ কৌশল বাতলে দিলেন মিলিন্দ।

সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছেন সুপারমডেল মিলিন্দ সোমন।

সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছেন সুপারমডেল মিলিন্দ সোমন। ছবি: সংগৃহীত

তাঁর বক্তব্য, সুস্থ থাকার জন্য যে অভ্যাসটি সর্বাগ্রে ত্যাগ করা প্রয়োজন, তা হল বসে থাকা। তাঁর কথায়, ‘‘যা-ই হয়ে যাক, বসে থাকবেন না। জিমে যাওয়ার সময় না থাকলেও, কঠোর শরীরচর্চা না করলেও ফিট থাকা যায়। মাথায় রাখবেন, দিনে কয়েক বার অন্তত উঠে দাঁড়াতে হবে চেয়ার ছেড়ে। আর সামান্য হাঁটাহাটি করলেও শরীর অনেকটাই ভাল থাকে।’’ মিলিন্দের পরামর্শ, অফিসে বসে কাজ করার সময়ে চেষ্টা করুন প্রতি আধ ঘণ্টায় এক বার করে উঠে দাঁড়াতে। খুব বেশি কিছু করতে হবে না। চেয়ার ছেড়ে দু’পা হাঁটুন। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকুন। গিয়ে জল খেয়ে আসুন। কোনও ভাবেই ডেস্কে জলের বোতল ভরে রাখবেন না। তা হলে ততটুকু বিরতি নেওয়ার প্রয়োজন পড়বে না আর।

অফিসে যখন মধ্যাহ্নভোজের বিরতি শুরু হবে, সেই সময়ে বিশেষ কাজ দিলেন মিলিন্দ। ধরা যাক, ঘণ্টাখানেকের বিরতি পেয়েছেন। তার মধ্যে একটি মিনিট ব্যয় করুন নিজের স্বাস্থ্যের জন্য। এক সেট পুশআপ হোক বা স্পট মার্চিং, কিংবা যেমন পছন্দ, তেমনই ভাবে সক্রিয় থাকার চেষ্টা করতে বলছেন মিলিন্দ। না হলে বয়সের আগেই শরীরে জং ধরে যাবে। দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে থাকলে রক্ত চলাচল কমে, মেরুদণ্ডে চাপ পড়ে, শরীর আড়ষ্ট হয়ে যায়। তাই ছোট ছোট বিরতি নিয়ে নড়াচড়া করা দরকার।

Milind Soman Celebrity Fitness Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy