ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ সাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেনা বেশের বাইরে গিয়ে মোদীর চোখে দেখা দিল স্মার্ট চশমা। না, কোনও বিদেশি সংস্থার তৈরি স্মার্ট চশমা নয়, মোদী পরেছিলেন ‘সর্বম কেজ়’, যা তৈরি করেছে স্বদেশি স্টার্টআপ সংস্থা সর্বম এআই।
সর্বম এআই-এর অন্যতম কর্ণধার প্রত্যুষ কুমার সম্প্রতি এক্স-এ একটি পোস্ট শেয়ার করেন। সেখানে মোদীর ছবি দিয়ে তিনি লেখেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই আমাদের তৈরি করা স্মার্ট চশমাটি সবার আগে পরে দেখলেন।’’
কী বিশেষত্ব এই স্মার্ট চশমার?
সর্বম এআই সংস্থার দাবি, তাদের তৈরি কেজ়কে মেটার এআই স্মার্ট চশমার ভারতীয় সংস্করণ বলা যেতেই পারে। প্রত্যুষ বলেন, ‘‘সর্বম কেজ় স্ক্রিন থেকে বুদ্ধিমত্তাকে বাস্তব জগতে স্থানান্তরিত করেছে। এই চশমা আপনার কথা শুনবে, বুঝবে, প্রতিক্রিয়া জানাবে এবং চারদিকে ঘটে চলা ঘটনাবলিকে ক্যামেরাবন্দিও করবে।’’ বাজারে বিভিন্ন বিদেশি সংস্থার তৈরি স্মার্ট চশমা আছে, তবে সেগুলি মূলত ইংরেজি ভাষার মাধ্যমেই চালিত হয়। কেজ়কে মূলত ভারতীয়দের জন্যই নকশা করা হয়েছে। তাই ইংরেজি ভাষার পাশাপাশি ভারতের স্থানীয় ভাষাগুলির সাহায্যেও এই স্মার্ট চশমাটিকে চালনা করা যাবে, এমনটাই দাবি করেছে সংস্থা।
সর্বম এআই সংস্থার তরফে জানানো হয়েছে ২০২৬ সালের মে মাসেই ভারতীয় বাজারে এই স্মার্ট চশমাটি পাওয়া যাবে। তবে এর দাম কত হতে চলেছে, সেই বিষয়ে এখনও কোনও তথ্য সংস্থার তরফে জানানো হয়নি।