Advertisement
E-Paper

এক ইঞ্জেকশনেই সারবে মস্তিষ্কের ক্যানসার? খুলিতে ভাইরাস ঢুকিয়ে নতুন থেরাপি করছেন বিজ্ঞানীরা

মস্তিষ্কের ক্যানসারের সবচেয়ে ভয়াবহ রূপ হল গ্লিয়োব্লাস্টোমা। রোগটি হলে রোগীর বেঁচে ফেরার সম্ভাবনা কমই ছিল। কিন্তু এখন মস্তিষ্কের সবচেয়ে দুরারোগ্য ব্যাধির চিকিৎসার উপায়ও বার করে ফেলেছেন গবেষকেরা। ব্রেন টিউমার বা ক্যানসারের চিকিৎসা তাঁরা কাজে লাগাচ্ছেন ভাইরাসকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১২:১৫
Scientists have found Virus therapy can cure most aggressive form of Brain Cancer

মস্তিষ্কের ক্যানসার সারাবে ভাইরাস! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভাইরাস দিয়ে ক্যানসারের চিকিৎসা? ভাইরাসকে জব্দ করতেই তো এত গবেষণা। টিকা আবিষ্কারের চেষ্টা। এ বার ক্যানসারের মতো মারণ ব্যাধির চিকিৎসায় মারণ ভাইরাসকেই কাজে লাগাচ্ছেন বিজ্ঞানীরা।

হার্ভার্ড মেডিক্যাল স্কুলের অন্তর্গত মাস জেনারেল ব্রিগহ্যাম ইনস্টিটিউটের গবেষকেরা মস্তিষ্কের ক্যানসারের চিকিৎসা ভাইরাস দিয়ে শুরু করেছেন। স্বাভাবিক ভাবেই এই গবেষণা নজর কেড়েছে। আর যে সে ভাইরাস নয়, গবেষকেরা বেছে নিয়েছেন অত্যন্ত সংক্রামক হারপিস সিমপ্লেক্স ভাইরাসকে। সারা শরীরে ঘা, যৌনাঙ্গে সংক্রমণের জন্য দায়ী এই ভাইরাস। গবেষকেরা জানিয়েছেন, এই ভাইরাসই ক্যানসার কোষ ধ্বংস করতে সক্ষম। তবে সরাসরি এই ভাইরাসকে শরীরে ঢোকানো হবে না। তার আগে এর বিষ নষ্ট করে দেবেন বিজ্ঞানীরা।

গ্লিয়োব্লাস্টোমার মতো মস্তিষ্কের ক্যানসারের চিকিৎসা ভাইরাস দিয়ে করার চেষ্টা করছেন গবেষকেরা। গ্লিয়োব্লাস্টোমা ব্রেন টিউমারেরই একটি ধরন, যা প্রাণঘাতী। গ্লিয়োব্লাস্টোমার রোগীরা খুব বেশি দিন বাঁচেন না। আর এই টিউমার ধরাও পড়ে অনেক দেরিতে। তাই চিকিৎসা শুরু হতেও দেরি হয়। আগে খুলি কাটাছেঁড়া করে ব্রেন টিউমার বা ক্যানসারের চিকিৎসা করা হত। এতে রোগীর প্রাণ হারানোর ঝুঁকি আরও বাড়ত। তবে এখন গ্লিয়োব্লাস্টোমার মতো ব্রেন টিউমারের চিকিৎসাও ইমিউনোথেরাপিতে করা হচ্ছে। অর্থাৎ, কাটাছেঁড়া ছাড়াই ওষুধ বা ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা। এই পদ্ধতিতে রেডিয়োথেরাপি বা কেমোথেরাপি দেওয়ারও প্রয়োজন হয় না। ভাইরাস দিয়ে চিকিৎসার পদ্ধতিও ইমিউনোথেরাপিরই অন্তর্গত। গবেষকেরা হারপিস ভাইরাসকে বিষমুক্ত করে ইঞ্জেকশনের মাধ্যমে মস্তিষ্কে ঢোকাবেন। আর ভাইরাস ক্যানসার কোষগুলিকে একে একে নষ্ট করতে থাকবে। এই হবে চিকিৎসার পদ্ধতি।

গবেষক ই আন্তোনিও চিয়োক্কা ও তাঁর টিম ৪১ জন ব্রেন টিউমারের রোগীর মস্তিষ্কে হার্পিস ভাইরাস ঢুকিয়ে চিকিৎসা করছেন। এতে সুফল পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, খুব দ্রুত ক্যানসার কোষ নষ্ট করতে ভাইরাস থেরাপিই আগামী দিনে চিকিৎসার অন্যতম পথ হয়ে উঠতে পারে। শুধু ক্যানসার কোষ ধ্বংস করাই নয়, শরীরের অ্যান্টিবডির ক্ষরণ বৃদ্ধিতে ও রোগ প্রতিরোধী কোষগুলিকে সক্রিয় করে তুলতেও বিশেষ ভূমিকা নেবে এই থেরাপি।

Brain Cancer Brain Tumor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy