Advertisement
E-Paper

অতিরিক্ত ধূমপান ডেকে আনে অন্ধত্বও! চোখের নানা অসুখ হতে পারে সিগারেটের ধোঁয়া থেকে

অতিরিক্ত ধূমপান চোখেরও ক্ষতি করে। নিয়মিত ধূমপানের ফলে কী কী সমস্যা হতে পারে?

নিজস্ব সংবাদাদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ১১:১৪
Symbolic Picture.

অতিরিক্ত ধূমপানের আসক্তি বিরূপ প্রভাব ফেলে চোখের উপরও। ছবিঃ সংগৃহীত।

দৈনন্দিন জীবনের যে অভ্যাসগুলি বিপদ ডেকে আনে, তার মধ্যে অন্যতম হল ধূমপান। এই অভ্যাসের কারণে একাধিক রোগ বাসা বাঁধে শরীরে। তামাকজাত দ্রব্য অত্যধিক ব্যবহারের কারণে ক্যানসারের মতো মারণরোগের ঝুঁকি বাড়ে। ক্যানসারের পাশাপাশি, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরলের মতো বিপদ ডেকে আনে ধূমপান। তামাক সেবন করলে রক্তবাহী ধমনীর দেওয়ালে তা জমতে থাকে, যা স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের আশঙ্কাও কয়েক গুণ বাড়িয়ে তোলে।

সমীক্ষা বলছে, ভারতে প্রায় ৩৪.৬ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান করেন। মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে বার্ষিক প্রায় ১ কোটিরও বেশি মানুষের মৃত্যু হয়। ধূমপানের ফলে ক্যানসার ও হৃদ‌্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার প্রায় ৫৩ শতাংশ।

তবে অনেকেই জানেন না যে, অতিরিক্ত ধূমপানের আসক্তি বিরূপ প্রভাব ফেলে চোখের উপরও।

গবেষণা বলছে, তামাকের ধোঁয়ায় সাত হাজারেরও বেশি রাসায়নিক উপাদান রয়েছে। যার মধ্যে বেশ কয়েকটি চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ছাড়া, ধূমপানের ফলে শরীরে যে দূষিত পদার্থ প্রবেশ করে, তা রক্তপ্রবাহের সঙ্গে মিশে গিয়ে চোখেরও যথেষ্ট ক্ষতি করে। ধূমপানের ফলে চোখের কী কী সমস্যা হতে পারে?

Symbolic Picture.

ধূমপান চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। ছবিঃ সংগৃহীত।

ক্যাটারাক্ট

অতিরিক্ত ধূমপানের কারণে যে সমস্যাগুলি দেখা দেওয়ার সমূহ আশঙ্কা থাকে, ক্যাটারাক্টের সমস্যা অন্যতম। এই রোগের ফলে দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে। ক্যাটারাক্টজনিত কোনও সমস্যা হলে চোখের লেন্সের স্বচ্ছতা কমে যায়। চোখের আলো সহ্য করার ক্ষমতাও কমতে থাকে ধীরে ধীরে। ফলে দৃষ্টিশক্তিও দুর্বল হতে শুরু করে।

ম্যাকুলা

অতিরিক্ত ধূমপান করলে ম্যাকুলার মতো মারাত্মক কোনও অসুখের শিকার হতে পারে চোখ। এই অসুখে গাড়ি চালাতে, বই পড়তে এবং রং চিনতে অসুবিধা হয়। যদি সঠিক চিকিৎসা না হয়, তবে এই রোগের ফলে অন্ধত্বও দেখা দিতে পারে।

গ্লুকোমা

চোখের অভ্যন্তরে বাড়তি চাপের কারণে চোখে অতিরিক্ত তরল জমা হতে থাকে। ধূমপান করলে চোখে একটা চাপ পড়ে। আর দীর্ঘ দিন ধরে এই চাপের ফলে চোখে জমা হওয়া তরলের পরিমাণ আরও বেশি হয়।

চোখ শুকিয়ে যায়

চোখ শরীরের সবচেয়ে স্পর্শকাতর অংশ। সিগারেট বা বিড়ির ধোঁয়ায় থাকা বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ চোখের জলীয় পদার্থ শুষে নেয়। ফলে চোখ ধীরে ধীরে শুষ্ক হয়ে পড়ে। সাধারণত লাল ভাব, জ্বালা করে, চোখে অস্বস্তি চোখ শুকিয়ে যাওয়ার কারণ। দীর্ঘ দিন ধরে এমন চলতে থাকলে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কাও থেকে যায়।

চোখে ছানি

মাত্রাতিরিক্ত ধূমপানের কারণে যে কোনও বয়সে চোখে ছানি পড়তে পারে। সাধারণত বয়স হয়ে গেলেই চোখে ছানি পড়তে দেখা যায়। তবে ধূমপানের অভ্যাসের কারণে অল্পবয়সেও ছানি পড়তে পারে চোখে। তাই সতর্ক থাকা জরুরি।

Smoking Problems Eye
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy