বাঙালির মিষ্টিপ্রেম চিরকালীন। খুশির মুহূর্ত হোক কিংবা মনখারাপ, মিষ্টি সমস্ত পরিস্থিতিরই সঙ্গী হতে পারে। রাতে খেয়ে উঠে এক আধটা মিষ্টি খেতেই মন চায়। শুধু সুগার বা ওজন বেড়ে যাওয়ার ভয়ে পিছিয়ে আসেন। তবে সে মিষ্টি যদি হয় প্রোটিনে ভরপুর, তা হলে আর ভয় নেই। মিষ্টিমুখও হবে, আবার ওজনও বাড়বে না। বরং এমন প্রোটিনে ঠাসা মিষ্টি রাতে শোয়ার আগে খেয়েই ওজন কমাতে পারবেন।
মিষ্টিও খাওয়া হবে আবার ওজনও কমবে, এমনটা কি সত্যিই সম্ভব? পুষ্টিবিদেরা বলছেন, সে মিষ্টি এমন ভাবে বানাতে হবে যার ক্যালোরি থাকবে ২০০ থেকে ২৫০-এর মধ্যে, প্রোটিন থাকতে হবে ৭ থেকে ৯ গ্রাম, কার্বোহাইড্রেট ৩০-৩৫ গ্রাম এবং ফ্যাট ৭ গ্রামের বেশি নয়। এমন মিষ্টি যদি তৈরি করা যায়, তা হলে সেটি ওজন বৃদ্ধির কারণ হবে না। খেলে সুগারও থাকবে নিয়ন্ত্রণে। তবে বানাতে হবে বিশেষ পদ্ধতিতে।
ওজন কমাবে প্রোটিনে ভরপুর মিষ্টি
মাখানার কাস্টার্ড
লো-ফ্যাট দুধ, নানা রকম ফল ও মাখানা দিয়ে তৈরি করতে হবে এই মিষ্টি। এটি বানাতে লাগবে আধ কাপের মতো মাখানা, ১ চামচ ড্রাই ফ্রুটস কুচনো, এক ফোঁটা জাফরান, আধ চামচ মধু, এক কাপ দুধ। ফলের জন্য নিতে পারেন কলা, বেদানা, কালো আঙুর ও আপেল।
প্রথমে দুধ ফুটিয়ে তাতে মাখানা, কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটস ও জাফরান মিশিয়ে দিন। কিছু ক্ষণ রেখে তাতে মধু মিশিয়ে ভাল করে নাড়িয়ে নিন। এ বার কুচনো ফল ওই মিশ্রণে ঢেলে ফ্রিজে রেখে দিন ২০ মিনিটের মতো। কোনও রকম চিনি বা সিরাপ এতে মেশানো যাবে না। এই মিষ্টি রাতে খাওয়ার পরেও খেতে পারেন।
পনির ও ওট্সের সন্দেশ
প্রোটিন সন্দেশ। ছবি: এআই সহায়তায় প্রণীত।
সন্দেশ খেতে কার না ভাল লাগে। নরম পাকের হোক বা গুড়ের সন্দেশ— বাঙালির কাছে দুটোই সরেস। সন্দেশ মানেই ছানা ও বেশি করে চিনি পাক দিয়ে বানাতে হবে তা নয়। প্রোটিনে সমৃদ্ধ সন্দেশও কিন্তু বানিয়ে নেওয়া যায় স্বাস্থ্যকর উপায়ে। এর জন্য লাগবে ১০০ গ্রামের মতো পনির, রোস্টেড ওট্স পাউডার ২ চামচ, গুড় এক চামচ বা মধু। প্রথমে পনির ভাল করে মেখে নরম করে নিন। একটি নন-স্টিক প্যানে পনির, ওট্স পাউডার দিয়ে ভাল করে নাড়ুন। এতে গুড় মেশাতে পারেন। মিশ্রণটি ঝরঝরে হলে সামান্য এলাচগুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন। এ বার ছোট ছোট সন্দেশের আকারে গড়ে উপরে কাঠবাদামের কুচি দিয়ে দিন। ১টি বড় সন্দেশ থেকে প্রায় ১১০-১২০ ক্যালোরি এবং ৫-৬ গ্রাম প্রোটিন পাওয়া যাবে।
আরও পড়ুন:
ছানার চকোলেট মুজ়
চকোলেট মুজ়ও খেতে পারেন নিশ্চিন্তে। ছবি: ফ্রিপিক।
বাড়িতে তৈরি ছানা বা পনির দিয়ে মুজ় বানানো যেতে পারে। এর জন্য ১০০ গ্রামের মতো ছানা বা পনির নিয়ে নিন। এর সঙ্গে লাগবে এক চামচের মতো কোকো পাউডার, এক চামচ মধু ও সামান্য ভ্যানিলা এসেন্স। ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে মসৃণ করে পিষে নিন। একটি বাটিতে ঢেলে উপরে ডার্ক চকোলেট চিপস ছড়িয়ে দিন। এ বারে ফ্রিজে রেখে দিন আধ ঘণ্টার মতো। তার পরে পরিবেশন করুন।