Advertisement
E-Paper

আচমকাই ক্লান্ত লাগছে? ঘন ঘন কফির কাপে চুমুক না দিয়ে বেছে নিন তিন রকম খাবার

অল্পেই ক্লান্তি আসছে? চা বা কফি নয়, দিনভর শক্তি জোগানোর জন্য বেছে নিন বিশেষ বিশেষ খাবার। তালিকায় ৩ খাবার রাখলে দিনভর শরীর থাকবে চনমনে।

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৮:৩৭

রাত জেগে কাজ কিংবা ঘুমের অভাবে শরীর বিধ্বস্ত হয়ে পড়লে ক্লান্তি কাটাতে ভরসা রাখতে হয় চা কিংবা কফিতে। কিন্তু ক্যাফিন সাময়িক ভাবে স্নায়ু চাঙ্গা করতে পারলেও তার ফলাফল দীর্ঘস্থায়ী হয় না। আবার, অনেক সময়ে রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে নেমে গেলে, ক্লান্তি বোধ হয়। সমস্যার সমাধান শুধু চা বা কফির মতো পানীয়ে হয় না, বদলে দরকার হয় এমন খাবার, যা দিনভর অল্প অল্প করে শক্তির জোগান দিতে পারবে। ক্লান্তি, দুর্বলতা নিত্যসঙ্গী হলে খাদ্যাভ্যাসে কোন বদল আনতে পারেন?

কাঠবাদাম

কাঠবাদাম প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটে পূর্ণ। এতে রয়েছে নানা রকম খনিজও। ফলে দৈনিক খাদ্যতালিকায় কয়েকটি বাদাম জুড়লে শক্তির জোগানে কোনও সমস্যা হবে না। প্রোটিন এবং ফ্যাট থাকায়, বাদাম দ্রুত পরিপাক হয় না। তবে দিনভর ধীরে ধীরে তা শক্তির জোগান দেয়। রাতভর ভিজিয়ে রাখা বাদাম সকালে উঠে খাওয়া ভাল। ভেজানো বাদাম হজম করা সহজ। তা ছাড়া, বাদাম শুকনো খোলায় খানিক নাড়াচাড়া করে বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবেও খাওয়া চলে।

খেজুর

দ্রুত শক্তি জোগাতে খেজুরের বিকল্প নেই। প্রাকৃতিক শর্করায় ভরপুর এই ফল। এতে রয়েছে আয়রন, ম্যাগনেশিয়ামের মতো খনিজ। কয়েকটি বাদাম এবং খেজুর একসঙ্গে খেলে অথবা দিনের বিভিন্ন সময়ে অল্প করে খেলে দিনভর শক্তির ঘাটতি হবে না। প্রয়োজনীয় ভিটামিন-খনিজ সারা দিন শক্তির জোগানও অটুট রাখবে।

অঙ্কুরিত সবুজ মুগ

অঙ্কুরিত সবুজ মুগ কাঁচা বা সিদ্ধ করে খাওয়া যেতে পারে। এতে রয়েছে প্রোটিন, ফাইবার। স্যুপ, ডাল, স্যালাড, চাট— নানা ভাবে মুগ খাওয়া যায়। দিনভর শক্তির ভাল উৎস হতে পারে এটিও।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy