কমার তো লক্ষণই নেই, বরং গরম ক্রমশ বেড়েই চলেছে। তীব্র দাবদাহে শারীরিক নানা সমস্যা তো লেগেই আছে। তবে গরমে ত্বক বেশি নাজেহাল হয়ে পড়ছে। রোদে পোড়ার দাগ তো রয়েছেই, সেই সঙ্গে অতিরিক্ত গরমে ঘেমেনেয়ে র্যাশ, ফুসকুড়িরও জন্ম হচ্ছে। এই সময় তাই একটু সাবধানে থাকা জরুরি। বাড়িতে সহজ উপায়ে তৈরি কিছু জিনিসেই দিব্যি হয়ে যায় গ্রীষ্মের রূপচর্চা। কাজের ফাঁকে মিনিট দশেক বার করতে পারলেই হল।
কী ভাবে নেবেন ত্বকের যত্ন?
তরমুজের রস
কয়েক টুকরো তরমুজের রস বার করে তাতে একটু জল মিশিয়ে নিতে হবে। তার পরে ফ্রিজে রেখে দিন। কাজের মাঝে দিনে এক বার করে বাড়িতে তৈরি সেই টোনার মাখুন। ত্বক প্রয়োজনীয় জল পাবে। তাতে নরম থাকবে। উজ্জ্বলও হবে।
অ্যালো ভেরা
অ্যালো ভেরা গাছ রয়েছে বাড়িতে? তার থেকে জেলি পদার্থটি বার করে নিতে হবে। গরমের দুপুরে যখন তপ্ত হয়ে ওঠে চোখ-মুখ, তখন সেই জেল মুখে মেখে রাখুন বেশ কিছু ক্ষণ। পরে মুখ ধুয়ে নিলে ত্বক নরম এবং ঠান্ডা থাকবে।
টক দই
এক চামচ বাড়িতে পাতা টক দই। শুধু এটুকুই যথেষ্ট মুখের ক্লান্তির দাগ পরিষ্কার করে দিতে। টানা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে থাকতে যখন ক্লান্ত, তখন ১০ মিনিটের বিরতিতেই করে ফেলা যায় রূপচর্চা। ঠান্ডা দই মেখে নিন মুখে। চোখ বন্ধ করে বসে থাকুন ৫ মিনিট। তার পরে মুখ ধুয়ে নিন। ত্বক পরিষ্কার যেমন হবে, তেমন অনেক ক্ষণ ঠান্ডাও থাকবে।