Advertisement
E-Paper

করিনার সূর্য নমস্কার, মলাইকার পছন্দ মালাসন, বলিউডের পাঁচ অভিনেত্রী শেখালেন যোগাসনের কিছু পদ্ধতি

বয়স তাঁদের কাছে সংখ্যা মাত্র। পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছেও অনেকের চেহারায় বয়সের ছাপ পড়েনি। এর কারণই হল যোগাসন। বলিউডের নামী অভিনেত্রীদের অনেকেই নিয়ম করে যোগাভ্যাস করেন। সে সব ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্টও করেন। কার কেমন যোগাসন পছন্দ জানেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ১৭:৪৬
Top Bollywood Divas and Their Ultimate Yoga Routines

বলিউডের নামী অভিনেত্রীরা কে কোন যোগাসন করে ফিট থাকেন? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রোগা হওয়া মানেই কাষ্ঠল চেহারা নয়। ক্ষীণকটি হতে গেলে দ্রুত অনেকখানি ওজন কমিয়ে ফেলতে হবে, তা-ও নয়। চেহারার খাঁজেভাঁজে নির্দিষ্ট মাপ মেনেও সৌন্দর্যকে যে ধরে রাখা যায়, তার প্রমাণ বলিউডের অনেক অভিনেত্রীই। চেহারার গড়ন এবং জেল্লায় ক্ষীণকায়া নবাগতাদের টেক্কা দেন তাঁরা। তাঁদের মধ্যে প্রথমেই নাম আসে করিনা কপূর খানের। সংসার ও দুই সন্তান সামলেও তাঁর চেহারার জৌলুস যথেষ্টই ঈর্ষণীয়। কখনওই ওজন ঝরানো নিয়ে বেশি মাথা ঘামান না। অথচ তাঁর ফিটনেস দেখার মতো। ঠিক এমনই একজন হলে মলাইকা অরোরা। পঞ্চাশ ছুঁইছুঁই বয়সেও তাঁর চেহারা মেদের লেশমাত্র নেই। এই নায়িকারা নিয়ম করে যোগাসন অভ্যাস করেন। এতে যেমন সৌন্দর্য বৃদ্ধি হয়, তেমনই যৌবন ধরে রাখা যায় অনায়াসে।

বলি অভিনেত্রীদের পছন্দের যোগাসন

করিনার পছন্দ সূর্য নমস্কার

সূর্য নমস্কার অভ্যাস করছেন করিনা কপূর খান।

সূর্য নমস্কার অভ্যাস করছেন করিনা কপূর খান। ফাইল চিত্র।

নিয়ম করে রোজ সকালে সূর্য নমস্কার অভ্যাস করেন করিনা কপূর। এটি মূলত ১২টি যোগাসনের একটি সুনির্দিষ্ট সমন্বয়। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে হাত দু’টি বুকের কাছে নমস্কারের ভঙ্গিতে আতে হয় (প্রণামাসন)। শ্বাস নিয়ে দু’হাত প্রথমে উপরে ও পরে পিছনের দিকে প্রসারিত করতে হয় (হস্তউত্থানাসন)। শ্বাস ছেড়ে কোমর থেকে সামনের দিকে ঝুঁকে দুই পা স্পর্শ করতে হয় (পাদহস্তাসন)। এর পর পর্যায়ক্রমে অশ্বসঞ্চালনাসন, দণ্ডাসন, অষ্টাঙ্গ নমস্কার, ভুজঙ্গাসন এবং পর্বতাসন করে আবার আগের অবস্থায় ফিরে আসতে হয়।

মলাইকা করেন মালাসন

মালাসন অভ্যাসে অনেক রোগ দূর হয়।

মালাসন অভ্যাসে অনেক রোগ দূর হয়। ফাইল চিত্র।

অনিয়মিত ঋতুস্রাব, ঋতুস্রাব চলাকালীন ব্যথা-যন্ত্রণা লাঘব করতে এই ব্যায়াম কার্যকর। হাঁটু মুড়ে উবু হয়ে বসুন। পিঠ যেন টান টান থাকে। দু'টি পা যথা সম্ভব কাছাকাছি রাখুন। হাত দু’টি নমস্কারের ভঙ্গিতে একসঙ্গে জড়ো করুন। প্রণাম করার ভঙ্গিতে দু’টি হাত এমন ভাবেই রাখবেন যেন দু’টি কনুই দুই হাঁটু স্পর্শ করতে পারে। টানা ৩-৪ মিনিট এই আসনে থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় আসুন।

শিল্পা শেট্টির ভুজঙ্গাসন

 ভুজঙ্গাসন অভ্যাস করছেন শিল্পা শেট্টি।

ভুজঙ্গাসন অভ্যাস করছেন শিল্পা শেট্টি। ছবি: সংগৃহীত

শিল্পা শেট্টিকে বলিউডের ‘যোগ কুইন’ বলা হয়। নির্মেদ পেট ও কোমরের জন্য নিয়মিত ভুজঙ্গাসন অভ্যাস করেন। উপুড় হয়ে পেটের উপর ভর দিয়ে শুয়ে পড়ুন। পা দু’টি সোজা রাখতে হবে। হাতের তালু বুক বরাবর দুই পাশে মেঝেতে রাখুন। গভীর শ্বাস নিয়ে হাতের উপর ভর দিয়ে শরীরের উপরের অংশ (কোমর থেকে মাথা পর্যন্ত) উপরে তুলুন। এই অবস্থায় ৩০ সেকেন্ড থাকতে হবে।

দীপিকা পাড়ুকোনের বিপরীত করণী ও গরুড়াসন

অন্তঃসত্ত্বা অবস্থাতে যোগাসনের এই পদ্ধতি নিয়মিত অভ্যাস করতেন দীপিকা পাড়ুকোন। বিপরীত করণী করার সময় রক্ত পা থেকে মাথার দিকে প্রবাহিত হয়। রক্তের পাশাপাশি বিভিন্ন ধরনের খনিজ, অক্সিজ়েন— এ সবের প্রবাহ সারা শরীরে সমান ভাবে হয়। এই আসন অভ্যাসে প্রজননতন্ত্রের কর্মক্ষমতা বাড়ে। চিত হয়ে শুয়ে দুই পা একত্রে সোজা করে মাটি থেকে উপরে তুলতে চেষ্টা করুন। হাতে ভর দিয়ে কোমর ধীরে ধীরে উপর দিকে তুলতে চেষ্টা করুন। শরীরের ভঙ্গি অনেকটা সর্বাঙ্গাসনের মতো হবে। তবে দুই পা ৯০ ডিগ্রিতে না রেখে সামান্য হেলিয়ে রাখতে হবে।

গরুড়াসন অভ্যাস করছেন দীপিকা পাড়ুকোন।

গরুড়াসন অভ্যাস করছেন দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

গরুড়াসন দাঁড়িয়ে বা বসে দু’ভাবেই করতে পারেন। প্রথমে সুখাসনে বসুন। তার পর একটি হাত আর একটি হাতের তলা দিয়ে পেঁচিয়ে এমন ভাবে নিয়ে একত্র করুন, যেন প্রণামের ভঙ্গিতে রাখতে পারেন। এই ভাবে দিনে অন্তত পক্ষে ৫ বার ৫ মিনিট করে অভ্যাস করুন।

আলিয়া ভট্টের অর্ধ মৎস্যেন্দ্রাসন

অর্ধ মৎস্যেন্দ্রাসনের উপকারিতা অনেক।

অর্ধ মৎস্যেন্দ্রাসনের উপকারিতা অনেক।

নিয়ম করে এই যোগাসন অভ্যাস করেন আলিয়া। নিয়মিত অভ্যাসে ডায়াবিটিস, ইউরিক অ্যাসিড, আর্থ্রাইটিসের মতো রোগ দূরে থাকে। প্রথমে দু’পা সামনের দিকে ছড়িয়ে বসুন। বাঁ পা ডান পায়ের ঊরুর নীচে রাখুন। এর পর যে পা রেখেছেন, তার উল্টো দিকে ঘাড় ঘুরিয়ে রাখুন। একটি হাতে সামনের পায়ের পাতা স্পর্শ করে থাকবেন। আর অন্য হাতটি ঘুরিয়ে রাখবেন কোমরে। এই ভঙ্গিতে ২০-৩০ সেকেন্ড থেকে আগের অবস্থানে ফিরে আসতে হবে।

Yoga poses Fitness Tips karina kapoor Alia Bhatt Deepika Padukone Malaika Arora
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy