Advertisement
E-Paper

প্রাতর্ভ্রমণে বাবার সামনে থেকেই তরুণীকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা, ভিডিয়ো প্রকাশ্যে

পুলিশ সূত্রে খবর, ওই তরুণী কলেজে পড়েন। বাবার সঙ্গে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। একটি মন্দিরের কাছে আসতেই মেয়েটিকে অপহরণ করা হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ১৬:৩৪
তরুণীকে অপহরণের দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ছবি: টুইটার।

এক তরুণীকে তাঁর বাবার সামনে থেকেই জোর করে গাড়িতে তুলে নিয়ে গেল একদল দুষ্কৃতী। মঙ্গলবার ভোর সাড়ে ৫টা নাগাদ বাবার সঙ্গে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন বছর আঠারোর তরুণী। হঠাৎই তাঁদের পথ আটকে দাঁড়ায় একটি গাড়ি। তার পরই ৪ দুষ্কৃতী গাড়ি থেকে নেমে তরুণীকে অপহরণ করে সেখান থেকে চম্পট দেয়। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার সিরসিলা জেলার মুড়েপাল্লে গ্রামে।

ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সাদা রঙের একটি গাড়ি এসে দাঁড়াল। তার পর গাড়ি থেকে নেমে এল কয়েক জন। তার পরই তরুণীকে টানতে টানতে গাড়ি তুলল তারা। তরুণীর বাবা গাড়িটি থামানোর চেষ্টা করেন। কিন্তু দ্রুতগতিতে বেরিয়ে যায় গাড়িটি।

পুলিশ সূত্রে খবর, ওই তরুণী কলেজে পড়েন। বাবার সঙ্গে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন। একটি মন্দিরের কাছে আসতেই মেয়েটিকে অপহরণ করা হয়। তরুণীর বাবার অভিযোগ, বাধা দিতে গেলে দুষ্কৃতীরা তাঁকে মারধরও করেন। তিনি আরও জানান, অভিযুক্ত ৪ জনের মধ্যে এক জন তাঁদের গ্রামেরই।

পুলিশ জানিয়েছে, মাস কয়েক আগে অভিযুক্তদের মধ্যে ১ জন ওই তরুণীকে নিয়ে পালিয়েছিলেন। যদিও পরে পুলিশের তৎপরতায় তরুণীকে উদ্ধার করা হয়েছিল। অভিযুক্ত যুবক সোমবার জানতে পারেন যে, ওই তরুণীর অন্যত্র বিয়ে ঠিক হয়েছে। তার পরই বন্ধুদের নিয়ে তরুণীকে অপহরণের পরিকল্পনা করেন। অভিযুক্তদের ধরতে একটি বিশেষ দল গঠন করেছে পুলিশ।

Kidnap Telangana
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy