হাইলাকান্দিতে অপহৃত বনকর্মীর খোঁজে জারি অভিযানের সময় তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আসাম রাইফেলস ও হাইলাকান্দি পুলিশ অসম-মিজোরাম সীমানার কালাপাহাড়ের গভীর জঙ্গলে অভিযান চালায়। সেখানেই ধরা পড়ে তিন জঙ্গি। পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলে ব্রু জঙ্গিদলের সদস্য। তারা হল স্বঘোষিত জঙ্গি কমান্ড্যার কারচাই রিয়াং ওরফে সাইকো ও তার শাগরেদ রাজকুমার রিয়াং, বাবুলাল রিয়াং। কারচাই রিয়াংয়ের বাড়ি ত্রিপুরার মানছড়ার কেদাছড়ায়। রাজকুমার মিজোরামের কলাশিব এবং বাবুলাল হাইলাকান্দির গেন্ডাছড়ার বাসিন্দা। হাইলাকান্দি পুলিশের ডিএসপি ফয়েজ আহমেদ জানান, ধৃতদের কাছে জঙ্গি সংগঠনের লেটারহেড, রসিদ, গুরুত্বপূর্ণ নথি মিলেছে।