E-Paper

নিরাপত্তার টালমাটালে ব্রিকস-বৈঠক

সমাবেশে ব্রিকসের সদস্য দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ঊর্ধ্বতন প্রতিনিধিদের মধ্যে থাকবেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই, রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০২৬ ০৭:১৭

—প্রতীকী চিত্র।

বিশ্ব জুড়ে ভূকৌশলগত নিরাপত্তা সংক্রান্ত এক চ্যালেঞ্জের মধ্যেই আগামী সোমবার ব্রিকসভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে দু’দিনের বৈঠক বসছে নয়াদিল্লিতে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সেই বৈঠকের সভাপতিত্ব করবেন।

সমাবেশে ব্রিকসের সদস্য দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং ঊর্ধ্বতন প্রতিনিধিদের মধ্যে থাকবেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই, রাশিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সের্গেই শোইগু। আলোচনার মূল বিষয়বস্তু ‘বর্তমান বিশ্বের মুখোমুখি অচিরাচরিত নিরাপত্তাজনিত সঙ্কটসমূহ’। অংশগ্রহণকারী দেশগুলির প্রতিনিধিরা জাতীয় নিরাপত্তার পরিবর্তনশীল প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবেন, যেখানে উদীয়মান প্রযুক্তি এবং ক্রমবর্ধমান ঝুঁকির কারণে সৃষ্ট সঙ্কটগুলির উপরে বিশেষ জোর দেওয়া হবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। পাশাপাশি বলা হয়েছে, সন্ত্রাসবাদ-বিরোধিতা নিয়ে ব্রিকস-এর জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সাম্প্রতিক বৈঠকের শেষে যা উঠে এসেছিল, তা খতিয়ে দেখা হবে।

২০১২, ১৬ এবং ২১-এর পরে এই চতুর্থ বার ভারত ব্রিকস-এর আয়োজক এবং সভাপতি রাষ্ট্র। সামগ্রিক ভাবে ব্রিকস-এর মূল বিষয় এ বার উদ্ভাবন, সহযোগিতা, টেকসই বৃদ্ধি। বিদেশ মন্ত্রকের মতে, এই কেন্দ্রীয় বিষয়টি থেকেই স্পষ্ট, মানবিকতা এবং মানুষ-নির্ভর পদক্ষেপই এ বছরের ব্রিকস শীর্ষ সম্মেলনের লক্ষ্য, যা বছরের শেষে হওয়ার কথা রয়েছে।

গত মে মাসে সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ঐকমত্য না হওয়ায় নয়াদিল্লিতে ব্রিকসের বিদেশমন্ত্রীদের সম্মেলনের শেষে কোনও যৌথ বিবৃতি প্রকাশ করা যায়নি। পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতির কারণেই সদস্যদেশগুলির মধ্যে ঐকমত্য গড়ে তোলা যায়নি বলে বিদেশ মন্ত্রক জানিয়েছিল। আসন্ন নিরাপত্তা সংক্রান্ত বৈঠকটিতে এই ধরনের কোনও যৌথ বিবৃতি প্রকাশ করা হবে, না কি ফের অভ্যন্তরীণ সংঘাতের কারণে তা এড়িয়ে যাওয়া হবে, এখনও পর্যন্ত তা স্পষ্ট করা হয়নি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

bricks

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy