Advertisement
E-Paper

সাড়ে চার লাখ হাতানোর অভিযোগ! কার্যালয়ে ঢুকে বিজেপি নেতাকে সপাটে চড় মহিলার, উত্তেজনা উত্তরপ্রদেশে

উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে বিজেপির কার্যালয়ে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্থানীয় নেতৃত্ব। তবে অনুষ্ঠানের শুরুতেই ছন্দপতন! কার্যালয়ে ঢুকে বিজেপি নেতাকে ওই মহিলার চড় মারার ঘটনায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১০:৪১
A woman slaps leader at BJP office over 4.5 lakh dispute in Uttar Pradesh

অনুষ্ঠানের ফাঁকে বিজেপি কার্যালয়ে ঢুকে নেতাকে চড় মহিলার। ছবি: সংগৃহীত।

দলীয় কার্যালয়ে তখন সবে অনুষ্ঠান শুরু হয়েছে। মনোনীত বিজেপির কাউন্সিলর এবং দলের অন্য পদাধিকারীদের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের ভিড়। সে সময় আচমকাই এক মহিলা ঢুকে পড়েন কার্যালয়ে। সোজা চলে যান একে বারে সামনে। সেখানে থাকা স্থানীয় এক বিজেপি নেতার গালে সপাটে চড় কষান। তার পরে কলার ধরে টানাটানি শুরু করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সামাল দিতে পুলিশকে আসতে হয়! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে।

জানা গিয়েছে, মহারাজগঞ্জে বিজেপির কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্থানীয় নেতৃত্ব। তবে অনুষ্ঠানের শুরুতেই ছন্দপতন! কার্যালয়ে ঢুকে বিজেপি নেতাকে ওই মহিলার চ়ড় মারার ঘটনায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আচমকা এমন ঘটায় উপস্থিত অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। হুড়োহুড়ি পড়ে কার্যালয়ের মধ্যে। অন্য বিজেপি নেতা-কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি।

শেষমেশ খবর দিতে হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় স্থানীয় থানার পুলিশ। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ওই মহিলা এবং কয়েক জন বিজেপি নেতা-কর্মীকে বার করে দেয়। তার পরে শুরু হয় অনুষ্ঠান। তবে অনুষ্ঠান হলেও কার্যালয় ছিল থমথমেই। কেন ওই মহিলা এমন কাণ্ড ঘটালেন, তা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল জন্মায়। মহিলার অভিযোগ, সংশ্লিষ্ট ওই বিজেপি নেতা তাঁর সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নিয়েছেন! মহিলার কথায়, ‘‘জীবন বিমার কিস্তির টাকা ধাপে ধাপে ওই নেতাকে দিয়েছিলাম। কিন্তু তিনি এক বারও সেই টাকা জমা করেননি। উল্টে আত্মসাৎ করেছেন। জানতে পেরে তাঁর কাছে টাকা চাইতে গেলে কুকথা বলেন। এমনকি হুমকিও দেন।’’

বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সমীর ত্রিপাঠি ঘটনার কথা স্বীকার করে নেন। তিনি এ-ও জানান, ওই মহিলাও বিজেপি করেন। তবে আগে থেকে জানা থাকলে বিষয়টা এত দূর গড়াত না। সমীরের কথায়, ‘‘আমরা দু’পক্ষের সঙ্গেই কথা বলব। সমস্যা মেটানোর চেষ্টা করব।’’

BJP Uttar Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy