Advertisement
E-Paper

পঞ্জাবে প্রকাশ্যে আপ নেতাকে গুলি করে হত্যা! গুরুদ্বারের সামনে গাড়ি থামতেই পাশের বাইক থেকে নিশানা

পঞ্জাবের জলন্ধরে গুরুদ্বারের সামনেই আপ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গাড়ি পার্ক করানোর সময় তাঁকে লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৮
পঞ্জাবে দুষ্কৃতীদের গুলিতে নিহত আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়।

পঞ্জাবে দুষ্কৃতীদের গুলিতে নিহত আম আদমি পার্টির নেতা লাকি ওবেরয়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পঞ্জাবে প্রকাশ্যে আম আদমি পার্টির নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। লাকি ওবেরয় নামের ওই নেতা শুক্রবার সকালে জালন্ধরের মডেল টাউনের গুরুদ্বারে যাচ্ছিলেন। গুরুদ্বারের সামনে তাঁর গাড়়ি থামতেই পর পর গুলি চলে। পাশে দাঁড়ানো একটি বাইক থেকে আততায়ীরা লাকিকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। তার পর দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এখনও তাদের কাউকে শনাক্ত করা যায়নি।

জলন্ধর পুলিশের এক সিনিয়র আধিকারিক সংবাদসংস্থা পিটিআইয়ের কাছে আপ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, জালন্ধরের জনপ্রিয় নেতা ছিলেন লাকি। আপের অন্দরে সংগঠনের কাজেও ছিলেন পারদর্শী। কে বা কারা তাঁকে হত্যা করল, এখনও স্পষ্ট নয়। তবে মৃতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক কারণেই এই হত্যাকাণ্ড। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সকালে জালন্ধরের গুরুদ্বারের সামনে গাড়ি থামলে নেমে দাঁড়ান লাকি। পাশে বাইক আরোহীরা তৈরিই ছিলেন। সঙ্গে সঙ্গে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পর পর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় আপ নেতার বুক। বাইকে একাধিক দুষ্কৃতী ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে দুষ্কৃতীদের সংখ্যা এখনও স্পষ্ট নয়।

জালন্ধরের এসিপি পারমিন্দর সিংহ জানিয়েছেন, খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। দ্রুত লাকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসা চলাকালীনই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, লাকি এবং তাঁর গাড়িকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছিল। তদন্ত চলছে। যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি, আরও বেশি গুলি চলেছে। তার মধ্যে পাঁচটি গুলি লাকির দেহে বিঁধেছিল। দুষ্কৃতীদের শনাক্ত করার জন্য এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শীঘ্রই তাঁদের গ্রেফতার করা যাবে বলে পুলিশ আশাবাদী।

লাকির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যে পঞ্জাবের রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। প্রকাশ্য দিবালোকে এমন হত্যার দায় আপ সরকারের উপরে চাপিয়েছে কংগ্রেস। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা প্রতাপ সিংহ বাজওয়া। ভগবন্ত মান সরকারের দিকে আঙুল তুলেছে পঞ্জাব বিজেপিও।

Murder Case Punjab Jalandhar AAP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy