Advertisement
E-Paper

‘স্বেচ্ছায়’ দিল্লি থেকে বাংলাদেশ ফিরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টা! বিমানবন্দরের ঘটনায় মুখ খুলল বিদেশ মন্ত্রক

গত ১৪ জুন দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর শীর্ষ আধিকারিকদের বৈঠক ছিল। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা হিসাবে সেখানে যোগ দিতে গিয়েছিলেন জ়াহেদ। অভিযোগ, তাঁকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ২৩:০৩
(বাঁ দিকে) তারেক রহমান। উপদেষ্টা জ়াহেদ উর রহমান (ডান দিকে)।

(বাঁ দিকে) তারেক রহমান। উপদেষ্টা জ়াহেদ উর রহমান (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টার দিল্লি থেকে ফিরে যাওয়ার ঘটনায় প্রথম বার মুখ খুলল ভারতীয় বিদেশ মন্ত্রক। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, দিল্লি বিমানবন্দরে অভিবাসন দফতরের আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করার পরে নিজের ইচ্ছায় ঢাকা ফিরে যান জ়াহেদ উর রহমান।

নয়াদিল্লিতে সংবাদমাধ্যমকে বিবৃতি দিয়ে রণধীর বলেন, ‘‘তাঁকে (জ়াহেদ) জিজ্ঞাসাবাদ করেন অভিবাসন দফতরের আধিকারিকেরা। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের শীর্ষ আধিকারিকদের কমিটির বৈঠকে যোগ দিতে যাচ্ছেন নিশ্চিত হয়ে পরবর্তীতে তাঁকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়।’’ এর পরে তিনি বলেন, ‘‘যদিও তিনি (জ়াহেদ) স্বেচ্ছায় ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।’’ বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, সাধারণ বাংলাদেশি পাসপোর্ট এবং সার্কের ভিসা নিয়ে ভারতে এসেছিলেন জ়াহেদ।

গত ১৪ জুন দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর শীর্ষ আধিকারিকদের বৈঠক ছিল। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতা হিসাবে সেখানে যোগ দিতে গিয়েছিলেন জ়াহেদ। অভিযোগ, তাঁকে দিল্লিতে প্রবেশে বাধা দেওয়া হয়। দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা আটকে ছিলেন তিনি। তার পর শহরে প্রবেশের প্রয়োজনীয় অনুমতি মেলে। তবে জ়াহেদ দিল্লিতে আর প্রবেশ করতে চাননি বলে খবর। তিনি শ্রীলঙ্কার কলম্বো হয়ে ঢাকায় ফিরে যান। ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার পবন বঢেকে তলব করে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। পরে সেই বিষয়ে মুখ খোলেন জ়াহেদ। ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুসারে, তিনি জানান, ‘প্রতিবাদ’ করতেই তিনি দিল্লি বিমানবন্দর ছেড়ে চলে এসেছিলেন। তাঁর দাবি, তিনি নিজের দেশ এবং অন্য দেশকে একটি বার্তা দিতে চেয়েছিলেন। তবে এর পরে ভারতের থেকে ‘যথাযথ’ আমন্ত্রণ পেলে তিনি অবশ্যই আসবেন বলে জানিয়েছেন।

Prime Minister Tarique Rahaman

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy