স্কুলের মাঠে পড়ুয়াকে মারধর করে মুখের মধ্যে জুতো ঘষে দেওয়ার অভিযোগ উঠল সহপাঠীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের এক স্কুলে। আক্রান্ত পড়ুয়ার পরিবারের দাবি, তার চোখে গুরুতর আঘাত লেগেছে। এমনকি দৃষ্টিশক্তিও হারিয়ে গিয়েছে বলে দাবি পরিবারের। ওই ঘটনায় ইতিমধ্যে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পড়ুয়ার পরিবার।
দেড় সপ্তাহ আগের ওই ঘটনাটি রবিবার প্রকাশ্যে এসেছে। আক্রান্ত পড়ুয়া পঞ্চম শ্রেণির ছাত্র। গত ২১ জানুয়ারি দুপুরে স্কুলের মধ্যেই দুই পড়ুয়া তাকে মারধর করে বলে অভিযোগ। অভিযোগপত্রে আক্রান্তের মা জানিয়েছেন, ওই দুই পড়ুয়ার মধ্যে এক জন পঞ্চম শ্রেণির ছাত্র। অপর জন তৃতীয় শ্রেণির। দু’জনে মিলে তাঁর সন্তানকে স্কুলের মাঠে মারধরের পরে মাটিতে ফেলে চোখে, মুখে জুতো ঘষে দেয়।
অভিযোগকারী পুলিশকে জানান, ওই ঘটনায় তাঁর সন্তান গুরুতর জখম হয়েছে। আক্রান্ত পড়ুয়াকে বর্তমানে লখনউয়ের এক হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। মারধরের চোটে সন্তানের দৃষ্টিশক্তিও চলে গিয়েছে বলে দাবি আক্রান্তের মায়ের। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। মহিলার দাবি, ঘটনার কথা জানার পরেও স্কুল কর্তৃপক্ষ কোনও পদক্ষেপই করেননি। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন তিনি।
আরও পড়ুন:
লখনউয়ের ওই আক্রান্ত পড়ুয়ার মায়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই দিন স্কুলে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। প্রয়োজনে স্কুলের পড়ুয়া এবং কর্মীদের সঙ্গেও কথা বলতে পারেন আধিকারিকেরা।