Advertisement
E-Paper

তলব পেয়েই বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মণিপুরের এনডিএ বিধায়কেরা, রাষ্ট্রপতি শাসনের পর নয়া সরকার গঠনের প্রস্তুতি?

২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল। প্রথমে ছ’মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হলেও পরে এর মেয়াদ আরও ছ’মাস বাড়ানো হয়। আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০০
মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি বিধায়ক এন বীরেন সিংহ।

মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি বিধায়ক এন বীরেন সিংহ। —ফাইল চিত্র।

হঠাৎই তলব! আর সেই তলব পেয়েই রবিবার দিল্লি গেলেন মণিপুরের এনডিএ বিধায়কেরা। বিধায়কেরা জানিয়েছেন, সোমবার দিল্লিতেই একটি বৈঠকে যোগ দিতে বলা হয়েছে তাঁদের। সেই বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, তা অবশ্য স্পষ্ট নয়। হিংসাদীর্ণ মণিপুর আপাতত মোটের উপর শান্ত রয়েছে। সে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হচ্ছে ১২ ফেব্রুয়ারি। তার আগেই সেখানে নতুন সরকার গঠনের প্রস্ততি সেরে রাখতেই এই বৈঠক কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

মেইতেইদের ‘তফসিলি তকমা’ ঘিরে মতবিরোধের জেরেই ২০২৩ সালের ৩ মে মণিপুরে মেইতেই এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘাত ছড়িয়েছিল। যা থেকে রাজ্য জুড়ে হিংসার সূচনা হয়। মণিপুর হাই কোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। এর পরেই জনজাতি সংগঠনগুলি তার বিরোধিতায় পথে নামে। মণিপুরের আদি বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি, জ়ো-সহ কয়েকটি তফসিলি জনজাতি সম্প্রদায়ের (যাদের অধিকাংশই খ্রিস্টান) সংঘর্ষে এখনও পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যে প্রায় আড়াইশো মানুষের মৃত্যু হয়েছে। ঘরছাড়ার সংখ্যা ৬০ হাজারেরও বেশি।

মণিপুরের হিংসায় লাগাম পরাতে ব্যর্থ হওয়ার অভিযোগ উঠেছিল সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বিরুদ্ধে। তা ছাড়া কুকি বিধায়কদের আস্থাও হারিয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে ঘরে-বাইরে চাপের মুখে পড়ে গত বছর ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন তিনি। ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। প্রথমে ছ’মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হলেও পরে এর মেয়াদ আরও ছ’মাস বাড়ানো হয়। আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হচ্ছে। কেন্দ্রের একটি সূত্রের দাবি, রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আর বাড়ানো হবে না। সে ক্ষেত্রে উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্যে নতুন সরকার গঠন হতে পারে।

দিল্লির তলব পেয়ে রবিবারই বিমানে রাজধানীর উদ্দেশে রওনা দেন এনডিএ বিধায়কেরা। দিল্লির বিমান ধরার আগে ইম্ফল বিমানবন্দরে বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরেন বলেন, “এনডিএ-র সমস্ত দলের বিধায়ককে সোমবারের বৈঠকে থাকতে বলা হয়েছে। সম্প্রতি বিজেপি বিধায়কদের মধ্যে একটি বৈঠক হয়েছে। সেখানে বড় অগ্রগতি হয়েছে। এ বার এনডিএ-র সমস্ত বিধায়ককে ডাকা হয়েছে। হয়তো নতুন সরকার গঠনের জন্যই এই তলব।” মণিপুরের বিজেপি সভাপতি এ সারদা দেবী জানিয়েছেন, সোমবারের বৈঠক মণিপুরে একটি জনপ্রিয় সরকার গঠনের পথে প্রথম ধাপ। কুকি-জ়ো জনগোষ্ঠীর বিধায়কেরাও এই বৈঠকে থাকবেন বলে জানিয়েছেন তিনি।

Manipur NDA N Biren Singh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy