Advertisement
E-Paper

নিজের দুই কন্যার ছবি ইমেল করেছিলেন ‘বন্ধু’ এপস্টিনকে! ফের বিতর্কে ব্রিটেনের প্রাক্তন রাজকুমার, ফাঁস অশালীন ছবি

যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে অ্যান্ড্রুর ‘ঘনিষ্ঠ’ সম্পর্কের কথা সুবিদিত। শুক্রবার প্রকাশিত আরও কিছু এপস্টিন ফাইলে আরও অনেকের সঙ্গে অ্যান্ড্রুর নামও রয়েছে। সদ্য প্রকাশিত ফাইলগুলির মধ্যে তাঁর দু’টি আপত্তিকর ছবিও ফাঁস হয়েছে!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২০
(বাঁ দিকে) জেফ্রি এপস্টাইন এবং ব্রিটেনের প্রাক্তন রাজকুমার অ্যান্ড্রু (ডান দিকে)।

(বাঁ দিকে) জেফ্রি এপস্টাইন এবং ব্রিটেনের প্রাক্তন রাজকুমার অ্যান্ড্রু (ডান দিকে)। —ফাইল চিত্র।

ফের বিতর্কে ব্রিটেনের রাজপরিবারের প্রাক্তন সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর (কয়েক দিন আগে পর্যন্তও যিনি রাজকুমার অ্যান্ড্রু নামে পরিচিত ছিলেন)। যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে তাঁর ‘ঘনিষ্ঠ’ সম্পর্কের কথা সুবিদিত। শুক্রবার প্রকাশিত আরও কিছু এপস্টিন ফাইলে আরও অনেকের সঙ্গে অ্যান্ড্রুর নামও রয়েছে। সদ্য প্রকাশিত ফাইলগুলির মধ্যে তাঁর দু’টি আপত্তিকর ছবিও ফাঁস হয়েছে!

সদ্য প্রকাশিত ফাইলগুলি থেকে জানা গিয়েছে, ২০০৮ সালে এপস্টিন যৌন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরেও তাঁকে ইমেল করে নিজের দুই কন্যা ইউজেনি এবং বিট্রিসের ছবি পাঠিয়েছিলেন অ্যান্ড্রু। ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুসারে, বিট্রিস ফ্রান্সের মঁ ব্লঁ শৃঙ্গে আরোহণ করছেন, এমন একটি ছবি এপস্টিনকে পাঠানো হয়েছিল। আর ইউজেনির যে ছবিটি পাঠানো হয়, তাতে দেখা যাচ্ছে অ্যান্ড্রু-কন্যা বাইক চালাচ্ছেন।

এপস্টিন ফাইলে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১২ সালের ২০ ডিসেম্বরও নিজের দুই কন্যার আরও কিছু ছবি পাঠিয়েছিলেন অ্যান্ড্রু। দ্বিতীয় দফায় মোট চারটি ছবি পাঠানো হয়েছিল এপস্টিনকে। ঘটনাচক্রে, ছবিগুলি যে সময় পাঠানো হয়েছে বলে ফাইলে দাবি করা হয়েছে, সেই সময় বন্ধু এপস্টিনের সঙ্গে সমস্ত ধরনের যোগাযোগ ছিন্ন করার কথা জানিয়েছিলেন অ্যান্ড্রু।

সদ্য প্রকাশিত এপস্টিন ফাইলের দু’টি ছবিতে এ-ও দেখা গিয়েছে যে, অজ্ঞাতপরিচয় এক মহিলা শুয়ে রয়েছেন। আর তাঁর উপর ঝুঁকে হাঁটু মুড়ে বসে রয়েছেন অ্যান্ড্রু। দ্বিতীয় ছবিতে অ্যান্ড্রুকে ওই মহিলার পেটে হাত দিতে দেখা যাচ্ছে। এপস্টিন সংক্রান্ত অন্য একটি ফাইলে দেখা যাচ্ছে অ্যান্ড্রুর জন্য এক জন ‘সুন্দরী, বিশ্বাসযোগ্য’ ২৬ বছর বয়সি রুশ তরুণীকে নিয়োগ করেছেন এপস্টিন।

এপস্টিনের সঙ্গে বন্ধুত্বের কথা কখনওই অস্বীকার করেননি অ্যান্ড্রু। আবার এ-ও দাবি করেছেন, বন্ধু যা-ই করুন, তিনি নিজে কোনও অন্যায় করেননি। এপস্টিন-বিতর্কের জেরে গত অক্টোবর মাসে ভাই অ্যান্ড্রুর রাজকীয় খেতাব এবং সম্মাননা কেড়ে নেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। রাজপ্রাসাদও ছাড়তে হয় অ্যান্ড্রুকে। রাজার এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বাকিংহাম প্রাসাদের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, যাঁরা যে কোনও ধরনের নিগ্রহের শিকার, ব্রিটেনের রাজপরিবারের সমবেদনা তাঁদের সঙ্গে রয়েছে। সরাসরি কোনও ঘটনার কথা উল্লেখ না-করা হলেও স্পষ্ট হয়ে যায় যে, আমেরিকার কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে ‘বন্ধুত্ব’ এবং তাঁর বিরুদ্ধে যৌন কেচ্ছায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠতেই ওই পদক্ষেপ করা হয়।

এর আগে ভার্জিনিয়া জিওফ্রে নামের এক ভদ্রমহিলা অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে মামলা করেছিলেন। অ্যান্ড্রুর বিরুদ্ধে নাবালিকাদের সঙ্গে জোর করে যৌনতায় লিপ্ত হওয়ার অভিযোগও ওঠে। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ বার বারই অস্বীকার করেছেন রানি দ্বিতীয় এলিজ়াবেথের তৃতীয় সন্তান অ্যান্ড্রু।

Prince Andrew Jeffrey Epstein
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy