Advertisement
E-Paper

গণধর্ষণ? না কি টাকা আদায়ের হুমকি? সেই রাতে কী ঘটেছিল বেঙ্গালুরুর ভিলায়, খতিয়ে দেখা হচ্ছে দু’পক্ষের অভিযোগই

১৪ ফেব্রুয়ারি পার্টি করার নামে তরুণীকে ডেকে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। অন্য দিকে, তরুণীর বিরুদ্ধেও বেঙ্গালুরুর অপর এক থানায় অভিযোগ দায়ের করেছেন ধর্ষণে অভিযুক্তেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২০
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

১৯ বছর বয়সি এক কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল বেঙ্গালুরুতে। ভ্যালেন্টাইন ডে’র রাতে ওই তরুণীকে বেঙ্গালুরুর এক ভিলায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। তরুণীর দাবি, ওই দিন পার্টির নাম করে তাঁকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁকে নির্যাতন করা হয় বলে অভিযোগ। তরুণীর অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। দুই অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। ঘটনাচক্র, তরুণী অভিযোগ দায়ের করার আগের দিনই বেঙ্গালুরুর অপর এক থানায় তাঁর বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এক অভিযুক্তের সঙ্গে সমাজমাধ্যমে আলাপ হয়েছিল তরুণীর। পরে দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়। বেঙ্গালুরু পুলিশ জানাচ্ছে, অভিযুক্তদের মধ্যে এক জন ওই তরুণীর প্রেমিক। অপর জন ওই প্রেমিকের বন্ধু। ভ্যালেন্টাইন ডে’র রাতে পার্টি করার নামে তরুণীকে ডেকে মাদক খাইয়ে গণধর্ষণ করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। পুলিশ জানিয়েছে, তরুণীকে এক ধরনের মাদকদ্রব্য খাওয়ানো হয়েছিল। তার পরে তরুণী অচেতন হয়ে পড়লে সেই অবস্থায় তাঁকে যৌননিগ্রহ করা হয় বলে অভিযোগ উঠেছে।

তবে ওই ঘটনার পরে শুরুতেই থানায় যাননি নির্যাতিতা। পুলিশ জানাচ্ছে, অভিযুক্তেরা ওই তরুণীকে ভয় দেখিয়েছিলেন। সেই কারণেই তিনি প্রথমে থানায় অভিযোগ জানাননি। পরে তরুণী তাঁর পরিবারকে ঘটনার কথা জানান এবং থানাতেও অভিযোগ দায়ের করেন।

পিটিআই অনুসারে, নির্যাতিতা তরুণীর দাবি, গত জানুয়ারিতে অভিযুক্তের সঙ্গে ইনস্টাগ্রামে আলাপ হয় তাঁর। বেশ কয়েক বার দেখাও হয় দু’জনের। ফোনে এবং সমাজমাধ্যমে নিয়মিত যোগাযোগ ছিল তাঁদের। গত ১৪ ফেব্রুয়ারি কলেজ শেষের পরে এক বন্ধুর সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন তরুণী। পরে সেই রাতেই পার্টি করার জন্য অভিযুক্ত তাঁকে একটি ভিলায় ডাকেন বলে দাবি তরুণীর। অভিযোগ, সেখানেই সমাজমাধ্যমে পরিচয় হওয়া ওই বন্ধু এবং অপর এক অভিযুক্ত তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করেন। পিটিআই জানাচ্ছে, রবিবার (২২ ফেব্রুয়ারি) থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। তার ঠিক আগের দিনই বেঙ্গালুরুরই অপর এক থানায় অভিযোগ দায়ের করেন দুই অভিযুক্তও। তাঁদের অভিযোগ, কিছু ভিডিয়ো ক্লিপ ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে তাঁদের কাছ থেকে ১০ লক্ষ টাকা চেয়েছেন তরুণী এবং তাঁর এক বন্ধু। দু’পক্ষেরই অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

Bengaluru Crime Against Women
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy