E-Paper

এ বার লক্ষ্য পঞ্জাব, দলকে মাঠে নামার নির্দেশ শাহের

পঞ্জাবে দলের পরিস্থিতি খতিয়ে দেখতে গত কাল রাতে ওই রাজ্যের নেতাদের সঙ্গে প্রথম বার বৈঠকে বসেন অমিত শাহ, বিজেপি সভাপতি নিতিন নবীনেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০৯:০৪
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

বঙ্গ বিজয় সমাপ্ত। তাই এ বার আগামী বছর ফেব্রুয়ারির পঞ্জাব নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়লেন অমিত শাহেরা। পশ্চিমবঙ্গে যেমন পরিবর্তন হয়েছে, তেমনই পঞ্জাবের মানুষও পরিবর্তন চাইছেন বলে দাবি করে মানুষের আস্থা অর্জনে মাঠে নামার জন্য দলীয় নেতৃত্বকে নির্দেশ দিলেন শাহ। দেশের পূর্ব সীমান্ত দখলের পরে পশ্চিম সীমান্তের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য পঞ্জাব দখলে তৎপরতা শুরু হয়ে গেল গেরুয়া শিবিরে।

পঞ্জাবে দলের পরিস্থিতি খতিয়ে দেখতে গত কাল রাতে ওই রাজ্যের নেতাদের সঙ্গে প্রথম বার বৈঠকে বসেন অমিত শাহ, বিজেপি সভাপতি নিতিন নবীনেরা। সূত্রের মতে, ওই বৈঠকে গোড়াতেই পশ্চিমবঙ্গের উদাহরণ তুলে ধরেন শাহ। সূত্রের মতে, তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ যেমন পরিবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, একই ভাবে পঞ্জাবের মানুষ আম আদমি পার্টির শাসন থেকে মুক্তি পেতে চাইছেন। সূত্রের দাবি, উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশে শাহ বলেন, পঞ্জাবকে তার ভাগ্যের উপর ছেড়ে দেওয়া যায় না। রাজ্যের পুরনো গৌরব ফিরিয়ে আনতে হবে। ওই রাজ্যে ১১৭টি আসনে জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামার নির্দেশ দিয়েছেন তিনি।

বিজেপি সূত্রের মতে, বিজেপির প্রচারের মূল বিষয় হতে চলেছে পঞ্জাবের আর্থিক সঙ্কট, আইন-শৃঙ্খলার অবনতি, জঙ্গি তৎপরতা বৃদ্ধি, যুব সমাজে মাদকের নেশা এবং ধর্মান্তরণ। সূত্রের মতে আলোচনায় উঠে এসেছে যে, আপের শাসনে ওই রাজ্যে খালিস্তানি কার্যকলাপ আগের থেকে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তা দেশের জন্য বড় বিপদ। তাই বিজেপির মতে, পশ্চিম সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওই রাজ্যে ক্ষমতায় আসা ভীষণ ভাবে প্রয়োজন। পশ্চিমবঙ্গের মতোই অর্থনৈতিক সঙ্কটে ভুগছে পঞ্জাবও। সূত্রের মতে, বৈঠকে শাহ গুজরাত, উত্তরপ্রদেশ, এমনকি সদ্য জেতা পশ্চিমবঙ্গের উদাহরণ তুলে ধরে বলেন, বিজেপিশাসিত রাজ্যগুলি ধীরে ধীরে অতীত সরকারের ভুল নীতিকে শুধরে আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার পথে হাঁটছে। সূত্রের দাবি, কর্মী-সমর্থকদের শাহ বলেন, একমাত্র বিজেপির শাসনই পঞ্জাবকে অর্থনৈতিক সঙ্কট থেকে বের করে আনতে পারে। একমাত্র ডাবল ইঞ্জিনের সরকারই পারে পঞ্জাবকে রক্ষা করতে। সেই বিষয়টি মানুষের মাঝে গিয়ে আরও বেশি করে প্রচার করতে হবে।

পাশাপাশি কেন্দ্র যে পঞ্জাবের পাশে রয়েছে সেই বার্তা দিতে জনসংযোগ কর্মসূচিও হাতে নিয়েছে দল। অর্জুন রাম মেঘওয়াল, অশ্বিনী বৈষ্ণবের মতো একাধিক মন্ত্রী চলতি মাসে পঞ্জাব সফরে গিয়ে একাধিক প্রকল্প ঘোষণা করবেন বলে ঠিক রয়েছে। আগামী ২০-২২ জুন পঞ্জাব সফরে যাচ্ছেন বিজেপি সভাপতি নিতিন নবীন। সীমান্ত এলাকায় যোগ দিবসের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। পাশাপাশি ওই রাজ্যে দলের শক্তি যাচাই করতে একাধিক সাংগঠনিক বৈঠকও করবেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Punjab Amit Shah BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy