Advertisement
E-Paper

বাইকের ধাক্কায় ছিটকে পড়লেন ট্র্যাফিক কনস্টেবল, পিছন থেকে এসে পিষে দিল ট্রাক! দিল্লির রাস্তায় মৃত্যু রাজস্থানের যুবকের

রাজস্থানের বাসিন্দা অনিল কুমার হেড কনস্টেবল হিসাবে দিল্লিতে কর্মরত ছিলেন। শনিবার কর্তব্যরত অবস্থায় বাইকের ধাক্কায় রাস্তায় পড়ে যান তিনি। পরে ট্রাক পিষে দেয় তাঁকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১০:৩২
দিল্লির রাস্তায় মৃত ট্র্যাফিক কনস্টেবল।

দিল্লির রাস্তায় মৃত ট্র্যাফিক কনস্টেবল। ছবি: সংগৃহীত।

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল ট্র্যাফিক পুলিশের কনস্টেবলের। কর্তব্যরত অবস্থায় একটি স্কুটারের ধাক্কায় রাস্তায় ছিটকে প়ড়েছিলেন তিনি। তার পর আর উঠে দাঁড়ানোর সুযোগই পাননি। পিছন দিক থেকে আসা মিনি ট্রাক পিষে দেয় ওই কনস্টেবলকে। ঘটনার পর দ্রুত উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি চিকিৎসকেরা।

মৃতের নাম অনিল কুমার। তিনি রাজস্থানের কোটপুতলি জেলার জাতগনওয়ারা গ্রামের বাসিন্দা। পুলিশ কনস্টেবলের চাকরি পেয়ে দিল্লিতে এসেছিলেন। বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন দেশের রাজধানী শহরে। দুর্ঘটনার খবর পুলিশের তরফে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।

দিল্লির আইএসবিটি কাশ্মীরি গেট এলাকায় রিং রোডে শনিবার কর্তব্যরত ছিলেন হেড কনস্টেবল অনিল। আচমকা উল্টো দিক থেকে একটি স্কুটার এসে তাঁকে ধাক্কা মারে। স্কুটারে তিন জন আরোহী ছিলেন। বেআইনি ভাবে স্কুটার চালাচ্ছিলেন তাঁরা। নিয়ন্ত্রণ হারিয়ে কনস্টেবলকে ধাক্কা মারতেই তিনি রাস্তায় ছিটকে পড়েন। পিছন দিক থেকে আসা ট্রাকটি তাঁকে পিষে দেয়। ট্রাকচালক ট্রাক থামানোর সুযোগ পাননি। তাঁকে আটক করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকেই পালিয়ে যান বাইক আরোহীরা। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

গুরুতর জখম অবস্থায় ট্র্যাফিক কনস্টেবলকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ট্রমা কেয়ার সেন্টারে তাঁর চিকিৎসা চলে। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই মৃত্যু হয় তাঁর। অনিলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর পরিবারের সদস্যেরা দিল্লি পৌঁছোলে অনিলের দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হবে।

traffic control Head Constable new dehi Road Accident
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy