জঙ্গিদমন অভিযান চলাকালীন খাড়া পাহাড় থেকে পা পিছলে নীচে পড়ে গেলেন ভারতীয় সেনাবাহিনীর এক অফিসার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের রজৌরি জেলায়।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় সন্ত্রাসবিরোধী অভিযানে গিয়েছিলেন লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী। ওই অভিযানের পোশাকি নাম ‘অপারেশন শেরওয়ালি’। গত ১৬ দিন ধরে এই অভিযান চলছে জম্মু-কাশ্মীরের রজৌরি জেলার বিভিন্ন জায়গায়। কর্মকর্তারা জানিয়েছেন, একটি সংকীর্ণ পাহাড়ি রাস্তায় অনুসন্ধানকারী দলের নেতৃত্বে ছিলেন বীরেশ্বর। সেই অভিযান চলাকালীনই আচমকা পা পিছলে একটি সংকীর্ণ পাহাড়ি রিজ বা পথ থেকে প্রায় ৩০ মিটার গভীর খাদে পড়ে যান তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর।
হোয়াইট নাইট কোরের তরফে দুর্ঘটনার বিষয়টি বিস্তারিত জানানো হয়। তারা জানিয়েছে, দুর্গম, খাড়া পাহাড় এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বীরেশ্বর সন্ত্রাসবিরোধী অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। সেই অভিযানের মাঝেই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন:
মে মাসের শেষের দিকে শুরু হয় ‘অপারেশন শেরওয়ালি’। রজৌরির দোরিমাল-গম্ভীর মুগল এলাকার ঘন জঙ্গলে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। ওই জঙ্গল এলাকায় দু’-তিন জন সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে বলে অনুমান। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে চলছে ওই অভিযান। সেনা সূত্রে খবর, পাকিস্তান থেকে বেআইনি ভাবে ভারতে ঢুকেছে ওই জঙ্গিরা। তার পরে আশ্রয় নিয়েছে জঙ্গলে। অভিযানে ড্রোন এবং সেনা কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।