Advertisement
E-Paper

বিমানের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করা হলে অতিরিক্ত চার্জ ছাড়াই ১৪ দিনের মধ্যে সংস্থাকে টাকা ফেরাতে হবে, জানাল ডিজিসিএ

গত ডিসেম্বরে বেসরকারি উড়়ান সংস্থা ইন্ডিগোর পরিষেবা কার্যত থমকে যাওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। সেই সময় ইন্ডিগো কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রীদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল ডিজিসিএ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩১

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বিমানের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে সেটি বাতিল করলে যাত্রীদের অতিরিক্ত টাকা বা অ্যাডিশনাল চার্জ দিতে হবে না। বৃহস্পতিবার এমনটাই জানাল দেশের উড়়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। তবে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে এই সুবিধা পাবেন না যাত্রীরা। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, ১৪ দিনের মধ্যে বাতিল টিকিটের টাকা যাত্রীকে ফিরিয়ে দিতে হবে।

নতুন বিধিতে বলা হয়েছে, বিমানসংস্থার ওয়েবসাইট থেকে টিকিট কাটলে তো বটেই, কোনও যাত্রী যদি ট্রাভেল এজ‌েন্ট বা অন্য পোর্টালের মাধ্যমে টিকিট কাটেন, তা হলেও টাকা ফেরাতে হবে।

নয়া বিধিতে এ-ও বলা হয়েছে যে, বিমানসংস্থার ওয়েবসাইট থেকে টিকিট কাটার ২৪ ঘণ্টার মধ্যে যাত্রী নাম সংশোধন করতে চাইলে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না।

তবে বিমানসংস্থার ওয়েবসাইট থেকে অন্তর্দেশীয় বিমানের ক্ষেত্রে যাত্রার সাত দিনের মধ্যে এবং আন্তর্জাতিক বিমানের ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে টিকিট কাটা হলে, সে ক্ষেত্রে টাকা ফেরতের ওই সুবিধা মিলবে না।

দেশের উড়ান নিয়ন্ত্রক সংস্থা সূত্রে খবর, বিমানের টিকিট বাতিলের পর টাকা ফেরতের বিষয়ে নানা সমস্যার কথা জানাচ্ছিলেন যাত্রীরা। গত ডিসেম্বরে বেসরকারি উড়়ান সংস্থা ইন্ডিগোর পরিষেবা কার্যত থমকে যাওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। সেই সময়েও ইন্ডিগো কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রীদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল ডিজিসিএ। এ বার এই বিষয়ে সামগ্রিক বিধিই তৈরি করে দিল তারা।

বর্তমান বিধি অনুসারে বাতিল করা টিকিটের টাকা ফেরত পেতে যাত্রীরা নানা অসুবিধার সম্মুখীন হন বলে অভিযোগ। সফরের অনেক আগে টিকিট বাতিল হলে যাত্রীদের তুলনায় অল্প পরিমাণ টাকা খরচ করা হয়। সফরের সময় যত এগিয়ে আসে, তত এই টাকার পরিমাণ বাড়তে থাকে। বহু ক্ষেত্রে বিমানবন্দরের শুল্ক ছাড়া যাত্রীদের আর কিছুই ফেরত দেওয়া হয় না বলে অভিযোগ। বহু ক্ষেত্রে আবার অভিযোগ, যাত্রীদের টিকিটের টাকা ফেরত না দিয়ে বিকল্প উড়ানের টিকিট কিনতে বাধ্য করে বিমানসংস্থাগুলি। এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার্থে এই সংক্রান্ত বিধি সহজ করল ডিজিসিএ।

dgca Airlines
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy