ছাত্রের পচাগলা দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
নিখোঁজ ছাত্রের পচাগলা দেহ উদ্ধার হওয়ার জেরে পূর্ব ইম্ফলের নোংপোক সেকমাই থানায় হামলা চালাল উত্তেজিত জনতা। পুলিশের গুলিতে জখম হলেন এক মহিলা-সহ অনেকে। প্রতিবাদে আজ মণিপুরে বনধ পালিত হয়। ঘটনার সূত্রপাত ২৯ মার্চ। পুলিশ জানায়, এইচআরডি আকাডেমির একাদশ শ্রেণির ছাত্র থংজাম কেলভিন বন্ধু লংজাম ধোজোর সঙ্গে মোটরসাইকেলে উখংসাং মামাং লেইকাই এলাকা থেকে বের হয়। তারপর থেকে তাঁর সন্ধান মিলছিল না। পরিবারের অভিযোগ, নিখোঁজ ডায়েরি করার পরও পুলিশ কেলভিনের সন্ধানে মন দেয়নি। পরে, ধোজো পুলিশের কাছে আত্মসমর্পণ করে। গত কাল অ্যান্ড্র এলাকার শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের পাশে ঝোপ থেকে কেলভিনের গলিত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ১ এপ্রিল মাথায় কাঠ দিয়ে মেরে কেলভিনকে হত্যা করা হয়েছিল। ঘটনা জানাজানি হতেই উত্তেজিত জনতা প্রথমে ধোজোর বাড়ি চড়াও হয়ে আগুন লাগায়। পরে, সেকমাই থানায় হামলা চালানো হয়। সেন্ট্রি পোস্ট ভাঙবার পরে পুলিশ লাঠি চালায়। কাঁদানে গ্যাস, রবার বুলেট ও শূন্যে গুলি চালানো হয়। পরে থৌবাল থেকে বিরাট পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনায় অনেকে জখম হন। এদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক।
ঘোষণা আদর্শ শোধনাগারের
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
নুমালিগড় তেল শোধনাগারকে দেশে আদর্শ শোধনাগার হিসাবে তৈরি করার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ তিনি অসমের নাজিরা ও গোলাঘাট সফর করেন। গেলেকিতে ওএনজিসি তৈল উত্তোলন দেখে তিনি গোলাঘাটের নুমালিগড় শোধনাগারে আসেন। নুমালিগড়ের বিভিন্ন অংশ ঘুরে দেখে সন্তুষ্ট প্রধান বলেন, ‘‘নুমালিগড় মডেল শোধনাগার হওয়ার যোগ্য. মন্ত্রী হয়ে প্রথম বার অসমে এসে খুশি।’’ প্রধানের সঙ্গে ছিলেন রাজ্যের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে বিজেপি ধর্মেন্দ্র প্রধানকে অসমের পর্যবেক্ষকের দায়িত্বও দিয়েছে।
ডিমাপুরে কমিশনারেট প্রথা শুরু
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
গুয়াহাটির পর উত্তর-পূর্বের দ্বিতীয় শহর হিসেবে কমিশনারেট প্রথা চালু হল ডিমাপুরে। ডিমাপুরের প্রথম পুলিশ কমিশনার হচ্ছেন, লিরেমো লোথা। মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং নতুন পুলিশ কমিশনারেটের উদ্বোধন করেন। ডিমাপুর এক দিকে যেমন নাগাল্যান্ডের ব্যবসায়িক রাজধানী। অন্য দিকে, সব জঙ্গি দলের প্রধান দফতরও ডিমাপুরের আশপাশে। ডিমাপুরের বাজারের দখল নিতে জঙ্গিদের মধ্যে রেষারেষি লেগেই থাকে। পাশাপাশি, বিভিন্ন রাজ্যের মানুষ এই শহরে থাকেন। ধর্ষণ, হত্যা, তোলাবাজি, চুরি, লুঠ, মাদক ও অস্ত্র পাচার, বন্যপ্রাণী ও প্রাণীর দেহাংশ পাচার, নারী ও শিশু পাচার, অপহরণ লেগেই থাকে ডিমাপুরে। ডিমাপুর জেল ভেঙে ধর্ষণে অভিযুক্তকে বের করে এনে জনতা প্রকাশ্যে ফাঁসি দেওয়ার পরে গোটা দেশে রাজ্যের পুলিশ-প্রশাসনের ভাবমূর্তি ধুলোয় মেশে। এর পরেই রাজ্য সরকার রাজধানী কোহিমা নয়, ডিমাপুরকেই কমিশনারেটের আওতায় আনার সিদ্ধান্ত নেয়। আগে ডিমাপুরে এক জন এসপি ছিলেন। এ বার আইজি বা ডিআইজি পদমর্যাদার কমিশনারের অধীনে তিন জন এসপি ডিমাপুরের আইন-শৃঙ্খলার ভার নেবেন। ডিএসপির সংখ্যাও বেড়ে ৪ থেকে ৯ জন করা হল। তাঁরা হবেন এসিপি। বাড়ানো হয়েছে ১৩টি ফাঁড়ি।
বন্দির অনশন
সংবাদ সংস্থা • মুম্বই
মহারাষ্ট্রের জেলে অনশন শুরু করলেন মাওবাদী-যোগে অভিযুক্ত অধ্যাপক জি এন সাইবাবা। প্রতিবন্ধী সাইবাবার দাবি, তাঁকে প্রয়োজনীয় ওষুধ ও উপযুক্ত খাদ্য দেওয়া হচ্ছে না। ১১ এপ্রিল থেকে সাইবাবা অনশন শুরু করেছেন। বন্দি অধ্যাপকের কৌঁসুলি ও পরিবারের দাবি, সাইবাবার স্বাস্থ্যের দ্রুত অবনতি হচ্ছে। গত বছরে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইবাবাকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ।
পড়ুয়াদের সঙ্গে মারপিট
নিজস্ব সংবাদদাতা • শিলচর
আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে স্থানীয় যুবকদের মারপিটের ঘটনার জেরে আজ সারা দিন বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে তালা ঝুলল। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে ছাত্রছাত্রীরা সকালেই সদর গেট আগলে বসে পড়েন। ভারপ্রাপ্ত উপাচার্য বোলেশ্বর মাতে সহ শিক্ষক-অশিক্ষক কর্মচারী কাউকেই ঢুকতে দেওয়া হয়নি। পঠন-পাঠনের সঙ্গে প্রশাসনিক কাজকর্মও বিঘ্নিত হয়। দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দৌড়ঝাঁপ করেন আসাম বিশ্ববিদ্যালয় তফসিল জাতি ও উপজাতি কর্মচারী কল্যাণ সংস্থার কর্মকর্তারাও। পূর্বনির্ধারিত সূচি অনুসারে আজ দুপুর আড়াইটের সময় অম্বেদকর স্মারক বক্তৃতা হওয়ার কথা ছিল। তার আগেই অবশ্য আন্দোলন প্রত্যাহৃত হয়। স্মারক বক্তৃতা করেন বিজেপি সাংসদ উদিত রাজ। পুলিশ জানিয়েছে, দু’পক্ষে দু’টি এফআইআর জমা পড়েছে। স্কুল অব টেকনোলজি-র ছাত্ররা পুলিশকে জানান, গত রাতে আইরংমারায় এক দল যুবক তাঁদের ওপর হামলা চালায়। এতে এক জনের মাথা ফাটে। অন্য এক ছাত্র গুরুতর জখম হয়। অন্য দিকে, আইরংমারার বাসিন্দারা এজাহার দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ওই এলাকায় ভাড়া থাকেন। প্রায়ই সেখানে মদের আসর বসে। হইহুল্লোড়ে পাড়ার মানুষ অতিষ্ঠ। গত কাল এ নিয়ে আপত্তি করায় ছাত্ররা দল বেঁধে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে চড়াও হন। ভাঙচুর চালান, মারপিট করেন। পাড়ার লোকজন বেরিয়ে ওই পরিবারের সদস্যদের রক্ষা করেন। পুলিশ জানিয়েছে, দু’টি এজাহারই গ্রহণ করা হয়েছে।
বাঁধের প্রতিবাদ
প্রস্তাবিত জলবিদ্যুৎ কেন্দ্র গড়ার প্রতিবাদে একজোট হলেন অসম ও মেঘালয়ের মানুষ। বাঁধ বিরোধী এই আন্দোলনে হাত মেলালেন অসমের কংগ্রেস বিধায়ক ও মেঘালয়ের প্রাক্তন জঙ্গিনেতা তথা বর্তমান নির্দল বিধায়ক। উমিয়াম নদীর উপরে, কিলিং জলবিদ্যুৎ কেন্দ্র গড়ার জন্য নিপকোকে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়ে দিয়েছে অসম ও মেঘালয় সরকার। কিন্তু, সেই ছাড়পত্র প্রত্যাহার করার দাবিতে কার্বি আংলং জেলার উমসোয়াইতে দুই রাজ্যের মানুষ একজোট হয়ে প্রতিবাদ দেখালেন। লামালং এলাকায় ১০০ মিটার উঁচু বাঁধ তৈরি করে ২৪০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ কেন্দ্র গড়তে চলেছে নিপকো। কিন্তু, গ্রামবাসীদের আশঙ্কা বাঁধ তৈরি হলে অন্তত ২০টি গ্রাম নিশ্চিহ্ন হবে। প্রায় ৬০০ বর্গ কিলোমিটার এলাকা প্রভাবিত হবে। নষ্ট হবে কৃষিভূমি ও অরণ্য।
গাড়ির ধাক্কায় মৃত শিশু
নববর্ষের বিকেলে পুলিশের রিকভারি গাড়ির ধাক্কায় প্রাণ হারাল সাত বছরের শিশু। পুলিশের জানিয়েছে, তার নাম পূরবী দাস। চার-পাঁচ জনের সঙ্গে সে রাস্তার পাশে খেলছিল। গাড়িটি শিলচর থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল। শিলকুড়িতে গাড়ির সামনে পড়ে যায় শিশুরা। পুলিশ জানিয়েছে, পূরবী গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে। পরে ওই গাড়িতেই তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। চালক গাড়িটি পুলিশ ফাঁড়িতে রেখে পালিয়ে যায়। আইন ভেঙ্গে কেউ রাস্তার ওপর গাড়ি, মোটর সাইকেল রাখলে রিকভারি ভ্যানেই সেগুলি থানায় নিয়ে যাওয়া হয়।
নিহত ছাত্র
বিহুর মাঠে বিবাদের জেরে ছুরিকাহত হল দশম শ্রেণির ছাত্র। হাসপাতালে আনার পথেই মৃত্যু হয়। গুয়াহাটির চাঁদমারির ঘটনা। পুলিশ জানায়, গত কাল রাতে বিহুটুলিতে অনুষ্ঠান দেখার সময় মেয়েদের বিরক্ত করা নিয়ে কয়েক জন ছেলের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে নিজরাপার এলাকার বাসিন্দা, ব্লুপাইন স্কুলের ছাত্র বিকাশ মহন্ত। এই বছর সে ম্যাট্রিক দিয়েছিল. ঝগড়ার জেরে, আর্টিস্ট গিল্ডের অফিসের সামনেই বিকাশকে ছুরি মারা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিকাশের হত্যার ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।
সফর শুরু
মিজোরাম থেকে তিন দিনের উত্তর-পূর্ব সফর শুরু করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। উত্তর-পূর্বে লোকসভা ভোটে ভাল ফল করেছে বিজেপি। বিজেপি ও তার শরিকরা এখানকার ২৫টি আসনের মধ্যে ১০টি পেয়েছে। অসমে লোকসভার ১৪টি আসনের মধ্যে ৭টি তারা জিতেছে। নাগাল্যান্ডে শাসক জোটে রয়েছে বিজেপি। তবে, মিজোরামে বিজেপির কোনও শক্তি নেই। রাজনৈতিক মহলের বক্তব্য, তাই মিজোরাম থেকেই বিজেপি সভাপতি উত্তর-পূর্ব ভারতে অভিযানের সূচনা করলেন।
ধৃত মাওবাদী
মাওবাদীকে গ্রেফতার করল রাঁচির পুলিশ। বুধবার রাঁচি ও রামগড়ের সীমানায় পিঠোরিয়া এলাকায়। ধৃতের নাম শিবপ্রসাদ সিংহ ওরফে রোহিত ওরফে পবন ওরফে রীতলাল। তার মাথার দাম সরকার নগদ ২৫ লক্ষ টাকা রেখেছিল। রাঁচির এসএসপি প্রভাত কুমার জানান, ওই জঙ্গির বাড়ি বিহারের জেহানাবাদে।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মহা-সম্মেলনের উদ্বোধনে শিবু সোরেন। জামশেদপুরে বৃহস্পতিবার। ছবি: পার্থ চক্রবর্তী।