Advertisement
E-Paper

টুকরো খবর

লোকসভা ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই অভিযোগে বুধবার তাঁর নামে আদালতে চার্জশিট পেশ করল উত্তরপ্রদেশ পুলিশ। অভিযোগ, গত ৪ এপ্রিল দলের হয়ে প্রচারে এসে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে আপত্তিকর মন্তব্য করেন তিনি।

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৪ ০২:৪৬

অমিত শাহকে চার্জশিট
সংবাদ সংস্থা • লখনউ

লোকসভা ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই অভিযোগে বুধবার তাঁর নামে আদালতে চার্জশিট পেশ করল উত্তরপ্রদেশ পুলিশ। অভিযোগ, গত ৪ এপ্রিল দলের হয়ে প্রচারে এসে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে আপত্তিকর মন্তব্য করেন তিনি। গত বছরের দাঙ্গার স্মৃতি উস্কে দিয়ে ২০১৪ লোকসভা ভোটকে ‘অপমানের বদলা’ হিসেবে দেখতে বলেন অমিত। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে তখনই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে নির্বাচন কমিশন। নিষিদ্ধ করা হয় তাঁর পরবর্তী প্রচারসূচিও। এ বার সেই সূত্রেই চার্জশিট পেশ করল পুলিশ। সূত্রের দাবি, মিথ্যে প্রতিশ্রুতি, সাম্প্রদায়িক উস্কানি, শান্তি ভঙ্গ করতে গুজব ছড়ানো ইত্যাদি অভিযোগ উঠেছে চার্জশিটে। এপ্রিলেই অমিতের এই মন্তব্যের প্রেক্ষিতে দু’টি আলাদা এফআইআর দায়ের হয় উত্তরপ্রদেশে। অন্য দিকে, মঙ্গলবারই ২০০৫-এর সোহরাবুদ্দিন ভুয়ো সংঘর্ষ মামলায় অমিত-সহ সব অভিযুক্তকে আগামী ২২ সেপ্টেম্বর কোর্টে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে সিবিআই।

সুষমা-কারজাই সাক্ষাত্‌

যুদ্ধবিধ্বস্ত দেশে পৌঁছে রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত কথা দিয়ে বৈঠক শুরু করলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এই প্রথম আফগানিস্তান সফরে এসেছেন তিনি। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রাসাদে বৈঠক হয়েছে দু’জনের। সুষমা বলেন, আফগানিস্তানকে সব রকম ভাবে সাহায্য করতে তৈরি ভারত। কথা হয় দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া নিয়েও। আফগানিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা নিয়েও আলোচনা করেন তাঁরা। দেশ থেকে ন্যাটো বাহিনীও সরে যাওয়ার মুখে। জঙ্গি জর্জরিত দেশের নিরাপত্তার স্বার্থে তাই ভারতের সাহায্য চায় আফগানিস্তান। কারজাই তেমন বার্তাই দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রীকে।

এসপির কনভয়ে হামলা

কেন্দ্রের নির্দেশে মণিপুরের উখরুল থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের পরই, খোদ এসপির কনভয়ে হামলা করল নাগা জঙ্গিরা। জখম হলেন দুই কনস্টেবল। অন্য ঘটনায়, ওই জেলারই হুংডুং এলাকায় যৌথবাহিনীরে আক্রমণ করে জঙ্গিরা। নিহত হন এক জওয়ান। পুলিশ জানায়, গত কাল উখরুলের এসপি এস সেলভান কনভয় নিয়ে মহাদেব এলাকা দিয়ে যাচ্ছিলেন। তখনই সেখানে লুকিয়ে থাকা জঙ্গিরা হামলা চালায়। দুই কনস্টেবল গুরুতর জখম হন। দু’পক্ষের মধ্যে ১০ মিনিট গুলির লড়াই চলে।

ব্যবসায়ীকে খুন করে ডাকাতি

স্ত্রীর সামনেই গৃহকর্তাকে কুপিয়ে খুন করে টাকা, গয়না লুঠ করে পালাল ডাকাতরা। মঙ্গলবার রাতে করিমগঞ্জের রামকৃষ্ণনগরের ঘটনা। নিহত ব্যবসায়ী নন্দলাল দেবের (৫০) দেহ নিয়ে বুধবার দীর্ঘ ক্ষণ রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। পুলিশ জানায়, রাত দেড়টা নাগাদ ১০-১২ জন দুষ্কৃতী নন্দলালবাবুর বাড়িতে চড়াও হয়। অস্ত্র দেখিয়ে টাকাপয়সা, গয়না ছিনিয়ে নেয়। পরে নন্দলালবাবুকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করে।

জরিমানার প্রস্তাব

প্রকাশ্য স্থানে ধূমপানের ক্ষেত্রে জরিমানার পরিমাণ ২০০ থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তামাক নিয়ন্ত্রণ বিষয়ক বিশেষজ্ঞ প্যানেল। প্রস্তাবে ধূমপানের বয়সসীমা নির্ধারণ এবং রাস্তাঘাটে খুচরো সিগারেট বিক্রি নিষিদ্ধ করার কথাও বলা হয়েছে।

নয়া সভাপতি

যুব কংগ্রেসের নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির কারণে এক সময় তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু দুর্দিনে শেষ পর্যন্ত দলের সেই ‘লড়াকু’ নেতা অরিন্দম ভট্টাচার্যকেই সভাপতি করল যুব কংগ্রেস। গত মাসে তৃণমূলে যোগ দেন যুব কংগ্রেসের সভাপতি প্রাক্তন সাংসদ সৌমিক হোসেন। সেই স্থানে এলেন অরিন্দম।

প্রহারে মৃত্যু

মত্ত যুবকদের মারে মৃত্যু হল এক প্রৌঢ়ের। খগড়িয়ার নয়াগাঁওয়ের ঘটনা। নিহতের নাম মাখন মণ্ডল। মদ খাওয়া নিয়ে ওই যুবকদের বকাঝকা করেছিলেন মাখন। অভিযোগ, তার পরই তাঁকে বেধড়ক মারধর করা হয়।

গণধর্ষণ

বাড়ি পৌঁছে দেওয়ার অজুহাতে এক কিশোরীকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল এক অটোচালক ও তার তিন বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লখিমপুর জেলায়। অভিযুক্তদের খোঁজ চলছে।

মুম্বইয়ে একটি বিজ্ঞাপনের প্রচারে প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: পিটিআই।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy