অমিতের চার্জশিট ফেরত
অমিত শাহের বিরুদ্ধে চার্জশিট ফিরিয়ে দিল মুজফ্ফরনগরের আদালত। লোকসভা ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্য করা নিয়ে মামলায় বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নামে আদালতে চার্জশিট পেশ করে উত্তরপ্রদেশ পুলিশ। অভিযোগ, ৪ এপ্রিল মুজফ্ফরনগরে দলের হয়ে প্রচারে আপত্তিকর মন্তব্য করেন তিনি। গত বছরের গোষ্ঠী সংঘর্ষের স্মৃতি উস্কে দিয়ে ২০১৪ লোকসভা ভোটকে ‘অপমানের বদলা’ হিসেবে দেখতে বলেন। আদালত জানিয়েছে, চার্জশিটে আরও কিছু তথ্য বিশদে দেওয়া প্রয়োজন।
বাতি বিতর্ক
সরকারি গাড়ি থেকে লাল বাতি খুলবেন না বলে জানালেন মুম্বইয়ের নতুন মেয়র স্নেহল অম্বেকর। তাঁর যুক্তি, মেয়র এবং মুখ্যমন্ত্রী এক পদমর্যাদার অধিকারী। সুতরাং মুখ্যমন্ত্রী লাল বাতির গাড়ি ব্যবহার করলে তিনিই বা করবেন না কেন? অম্বেকরের এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। কারণ, সম্প্রতি মহারাষ্ট্র সরকারের নির্দেশে গাড়িতে লাল বাতি ব্যবহারকারী আমলাদের তালিকা থেকে বাদ পড়েছেন মেয়র।
বিহারে চর সন্দেহে গ্রেফতার
বিহারের রক্সৌলে নেপাল সীমান্তের কাছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের চর সন্দেহে এক জনকে গ্রেফতার করা হয়েছে। সেখানে যৌথ ভাবে অভিযান চালায় এনআইএ ও বিহার পুলিশ। ধৃতের নাম সারদাশঙ্কর কুশওয়াহা। বাড়ি নেপালে। তদন্তকারীদের দাবি, ধৃত আইএসআই চরের সঙ্গে ‘ইন্ডিয়ান মুজাহিদিন’ সংগঠনের যোগসাজস রয়েছে। নেপাল থেকে বিহারে ঢোকার পরই তাকে ধরা হয়।
গণপিটুনিতে মৃত্যু
গ্রামের মেয়ের সঙ্গে বছর আঠেরোর তরুণের প্রেম মেনে নেননি বাসিন্দারা। অভিযোগ, তার জেরে গণপিটুনিতে ছেলেটির মৃত্যু হয়েছে। তাঁর দেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়। গত কাল এই ঘটনা ঘটেছে তরিয়ানি ছপরা গ্রামে। এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ১১ জনের খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম রঘুনাথ রাই (১৮)।
নিহত ৩ জঙ্গি
ডিমা হাসাও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এ কে ৫৬ রাইফেল, চিনা গ্রেনেড, পিস্তল এবং প্রচুর কার্তুজ মিলেছে।
সংঘর্ষে হত ২
বিদ্যুতের খুঁটি বসানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। গত রাতে ঘটনাটি ঘটে করিমগঞ্জের বদরপুর থানা এলাকার বদলিগুল গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম আসুক আহমেদ এবং নূরউদ্দিন।
খুন বৃদ্ধ
ছেলের হাতে খুন হলেন বৃদ্ধ। ত্রিপুরার ধর্মনগরের ঘটনা। পুলিশ জানায়, নিহতের নাম চিত্তরঞ্জন শর্মা (৭০)।