কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের ডিরেক্টর (অধিকর্তা) প্রবীণ সুদের কার্যকালের মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করা হল। বুধবার নয়াদিল্লির তরফে বুধবার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরবর্তী সিবিআই প্রধানকে বেছে নিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয়। ঘটনাচক্রে, সেই বৈঠকের এক দিন পরেই এই সিদ্ধান্ত প্রকাশ্যে এল।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। উল্লেখ্য, ২০২২ সালে সিবিআইয়ের ডিরেক্টর পদে যোগ দেওয়া প্রবীণের অবসর নেওয়ার কথা ছিল আগামী ২৪ মে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিনি টানা চতুর্থ বছরের জন্য এই পদে বহাল থাকবেন। উল্লেখযোগ্য ভাবে, দ্বিতীয় বারের জন্য তাঁর কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হল।
আরও পড়ুন:
সিবিআই প্রধান বেছে নেওয়ার বিষয়ে ভিন্নমত পোষণ করেছিলেন রাহুল। তিনি অভিযোগ করেছিলেন যে, সরকার এই বাছাই প্রক্রিয়াকে নিছক একটি আনুষ্ঠানিকতায় পরিণত করেছে। তিনি এ-ও দাবি করেন যে, যোগ্য প্রার্থীদের আত্মমূল্যায়ন এবং সবিস্তার রিপোর্ট-সহ গুরুত্বপূর্ণ নথি দেখতে তাঁকে বঞ্চিত করা হয়েছে। রাহুল বলেন, “এই পক্ষপাতদুষ্ট প্রক্রিয়ায় অংশ নিয়ে আমি আমার সাংবিধানিক দায়িত্ব থেকে সরে আসতে পারি না।" এর পাশাপাশি রাহুল এই অভিযোগও তোলেন যে, বিরোধী নেতা, সাংবাদিক এবং সমালোচকদের নিশানা করতে সরকার সিবিআই-এর অপব্যবহার করছে।
১৯৮৬ ব্যাচের, কর্নাটক ক্যাডারের আইপিএস আধিকারিক প্রবীণ। সিবিআই-এর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে কর্নাটক পুলিশের ডিজি ছিলেন তিনি। বল্লারী, রায়চূড়ের পুলিশ সুপার, বেঙ্গালুরু শহরের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক), মহীশূর এবং বেঙ্গালুরুর পুলিশ কমিশনার হিসাবেও দায়িত্ব সামলেছেন। ২০২৩ সালের ২৫ মে সিবিআই-এর ডিরেক্টর হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৫ সালের মে মাসে এক বছরের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। কারণ, তাঁর উত্তরসূরি কে হবেন, তা নিয়ে কোনও ঐকমত্যে পৌঁছোনো যায়নি। এ বার আরও এক বছরের প্রবীণের মেয়াদ বৃদ্ধি করা হল।