Advertisement
E-Paper

পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুর স্কুল পড়ুয়ারা এ বার পাবে পিএম শ্রী প্রকল্পের সুবিধা! দুই মুখ্যসচিবকে চিঠি পাঠাচ্ছে কেন্দ্র

পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং তামিলনাড়ুর ডিএমকে সরকার এর আগে ওই প্রকল্প নিজেদের রাজ্যে চালু করতে দেয়নি। সেই সংক্রান্ত মৌ স্বাক্ষরও করেনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৮:৩৮

— প্রতীকী চিত্র।

পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে ক্ষমতাবদল হয়েছে। কেন্দ্রীয় সরকারের আশা, এ বার ওই দুই রাজ্যেই চালু করা যাবে পিএম শ্রী (প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইসিং ইন্ডিয়া) প্রকল্প। সেই নিয়ে ওই দুই রাজ্যের মুখ্যসচিবকে শীঘ্রই এই বিষয়ে চিঠি পাঠানো হবে বলে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রে খবর। কেন্দ্রের এক আধিকারিক জানান, এই প্রকল্প চালু হলে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাবে পড়ুয়ারা। ওই দুই রাজ্যের পূর্বতন সরকার এর আগে ওই প্রকল্প কার্যকর করতে দেয়নি বলে অভিযোগ।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু— দুই রাজ্যের স্কুলগুলিতে দ্রুত যাতে পিএম শ্রী প্রকল্প কার্যকর করা যায়, সে জন্য মৌ স্বাক্ষরের অনুরোধ করা হবে দুই মুখ্যসচিবকে। এক আধিকারিকের কথায়, ‘‘ওই দুই রাজ্য এ বার পিএম শ্রী প্রকল্প কার্যকর করবে বলে আশাবাদী কেন্দ্রীয় সরকার। দ্রুত কার্যকর করার জন্য মুখ্যসচিবদের চিঠি দেওয়া হবে।’’

পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং তামিলনাড়ুর ডিএমকে সরকার এর আগে ওই প্রকল্প নিজেদের রাজ্যে চালু করতে দেয়নি। সেই সংক্রান্ত মৌ স্বাক্ষরও করেনি। কেন্দ্রের নীতি হল, মৌ স্বাক্ষর করলে তবেই পিএম শ্রী প্রকল্পের সুবিধা, অনুদান মিলবে। এই প্রকল্পের আওতায় দেশের ১৪ হাজার ৫০০টি সরকারি স্কুল ‘মডেল স্কুল’ করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে কেন্দ্রীয় সরকার। জাতীয় শিক্ষানীতি (এনইপি)-র ভাবনায় তা গড়ে তোলা হবে। কিন্তু পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু— দুই রাজ্যের পূর্বতন বিজেপি বিরোধী সরকার কেন্দ্রের সঙ্গে মৌ স্বাক্ষর করতে রাজি হয়নি। তাদের অভিযোগ ছিল, অনুদান দেওয়ার নাম করে জোরপূর্বক জাতীয় শিক্ষানীতি (এনইপি) চাপাতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। এ বার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। তামিলনাড়ুতে সবেচেয়ে বেশি আসন পেয়েছে বিজয়ের দল টিভিকে। যদিও সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কেন্দ্রের আশা, এ বার ওই দুই রাজ্যে চালু হবে পিএম শ্রী।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের একটি সূত্র বলছে, পশ্চিমবঙ্গের নতুন সরকারকে উল্লাস (আন্ডারস্ট্যান্ডিং লাইফলং লার্নিং ফর অল ইন সোসাইটি) প্রকল্প চালু করার কথাও বলা হবে। এই প্রকল্পে প্রাপ্তবয়স্কদের শিক্ষা নিশ্চিত করা হয়। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র বলছে, পশ্চিমবঙ্গে এ সব প্রকল্প চালু করতে আর কোনও বাধা থাকার কথা নয়। কারণ সেখানে ক্ষমতায় এসেছে বিজেপি। তবে, তামিলনাড়ুতে সমস্যা হতে পারে। কারণ সেখানে সবচেয়ে বেশি আসন পেয়ে সরকার গড়ার লক্ষ্যে এগিয়ে রয়েছে টিভিকে।

পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু ছাড়া কেরলেও পিএম শ্রী প্রকল্প আবার কার্যকর করা হবে বলে আশা রাখছে কেন্দ্রীয় সরকার। কেরলের পূর্বতন পিনারাই বিজয়ন সরকার ২০২৫ সালের ২৩ অক্টোবর এই সংক্রান্ত মৌ স্বাক্ষর করলেও পরে তা স্থগিত করে দেয়। মৌ স্বাক্ষর না করায় কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, পঞ্জাব, দিল্লিতে ২০২৪-২৫ অর্থবর্ষে সমগ্র শিক্ষা অনুদান দেয়নি কেন্দ্রীয় সরকার। তারা প্রথম থেকেই অনড় ছিল যে, অনুদান পেতে হলে মৌ স্বাক্ষর করতে হবে। এ বার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই বাধাই সরে গেল বলে মনে করছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।

NEP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy