Advertisement
E-Paper

খালি গায়ে বিক্ষোভ: তুলকালাম যুব কংগ্রেস কর্মীদের গ্রেফতারি নিয়ে! দিল্লি পুলিশের বিরুদ্ধে‌ অপহরণের মামলা শিমলা পুলিশের

বুধবার দিল্লির স্পেশাল সেল হিমাচলের রোহরু থেকে সৌরভ, সিদ্ধার্থ এবং আরবাজ় নামে তিন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করে। অভিযোগ, ধৃতদের নিয়ে দিল্লি ফেরার সময়, শিমলা পুলিশ শোগি সীমান্তে তাদের গাড়ি আটকে দেয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৮

ছবি: সংগৃহীত।

দিল্লির আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে ঢুকে খালি গায়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছিল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। সম্মেলনে খালি গায়ে বিক্ষোভ দেখানোর অভিযোগে বুধবার হিমাচল প্রদেশ থেকে আরও তিন জন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। তা নিয়ে অশান্তি বাধে কংগ্রেস-শাসিত হিমাচলের পুলিশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রাণাধীন দিল্লি পুলিশের মধ্যে। বিনা অনুমতি এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন না করে কী ভাবে ওই তিন জনকে শিমলা থেকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে, তা নিয়ে সরব হয় শিমলা পুলিশ। দিল্লি পুলিশের তিনটি গাড়ি আটক করে তারা। সূত্রের খবর, শিমলা পুলিশ দিল্লি পুলিশের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করে ২০ জন পুলিশকর্মীকে আটক করেছে। শিমলা এবং দিল্লি পুলিশ উভয়ই একে অপরের বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে।

বুধবার দিল্লির স্পেশাল সেল হিমাচলের রোহরু থেকে সৌরভ, সিদ্ধার্থ এবং আরবাজ় নামে তিন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করে। অভিযোগ, ধৃতদের নিয়ে দিল্লি ফেরার সময়, শিমলা পুলিশ শোগি সীমান্তে তাদের গাড়ি আটকে দেয়। শিমলা পুলিশের দাবি, দিল্লি পুলিশ স্থানীয় থানাকে না জানিয়ে এবং কোনও আইনি নথি বা ট্রানজিট রিমান্ড ছাড়াই তিন জনকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল। এর পাল্টা হিসাবে শিমলা পুলিশ দিল্লি পুলিশের ২০ জন কর্মীর বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করে। এমনকি তাদের গাড়িও আটক করা হয়।

শিমলা পুলিশের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “রোহরুর একটি রিসর্ট থেকে তিন জনকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, তাঁরা রিসর্টের সিসিটিভি ফুটেজও তাঁদের সঙ্গে নিয়ে গিয়েছেন।”

হিমাচল পুলিশ শিমলা এবং সোলান জেলায় তিনটি গাড়ি আটক করে এবং সেগুলিকে শিমলায় ফিরিয়ে আনে। তাদের দাবি, দিল্লি পুলিশ আদালত থেকে কোনও ট্রানজিট রিমান্ড নেয়নি। হিমাচল প্রদেশ পুলিশ সূত্রে দাবি, দিল্লির দলটি স্থানীয় পুলিশকে না জানিয়েই শিমলায় এই অভিযান চালিয়েছিল।

অন্য দিকে, দিল্লি পুলিশের দাবি, তারা নিয়ম মেনেই স্থানীয় আদালত থেকে ট্রানজিট রিমান্ড পেয়েছিল। কিন্তু শিমলা পুলিশ তদন্তে বাধা দিচ্ছে এবং ইচ্ছাকৃত ভাবে তাদের আটকে রেখেছে বলে অভিযোগ। দিল্লি পুলিশের এক আধিকারিক জানান, সৌরভ, সিদ্ধার্থ এবং আরবাজ়কে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল আটক করেছে। তাঁদের প্রথমে স্থানীয় আদালতে পেশ করা হয়েছিল। এর পর পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে নিয়ে আসার অনুমতি দিয়ে ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে আদালত। দিল্লি পুলিশের অভিযোগ, শিমলা পুলিশ তাদের তদন্তে ব্যাঘাত ঘটাচ্ছে।

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি কৃত্রিম মেধা সম্মেলন চলাকালীন ভারত মণ্ডপমের ভিতরে প্রবেশ করে জামা খুলে বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের কয়েক জন কর্মী। তাঁদের জামায় যেমন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা লেখা ছিল, তেমনই ছিল ভারত-আমেরিকা বাণিজ্য-সমঝোতারও সমালোচনা। নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা। বস্তুত, ওই সময়ে কৃত্রিম মেধা সম্মেলনের জন্য দেশ-বিদেশের বিভিন্ন অতিথিরা ভারত মণ্ডপমে উপস্থিত ছিলেন। যুব কংগ্রেসের এমন বিক্ষোভ নিয়ে আগেই প্রশ্ন তুলেছে দিল্লির আদালত। সেই ঘটনায় যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি উদয়ভানু চিবকে মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ। এর আগে যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে শুরুতেই ধরা পড়েন চার জন। সোমবার মধ্যপ্রদেশের গ্বালিয়র থেকে পাকড়াও করা হয় আরও তিন জনকে। উত্তরপ্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হৃতিক ওরফে মন্টি শুক্লকেও ললিতপুর থেকে আটক করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

AI Summit Congress Delhi Police himachal pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy