E-Paper

মুখ্যমন্ত্রী-রাজ্যপাল বদলও হতে পারে একাধিক রাজ্যে

আগামী সোমবার ত্রিদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির একটি সূত্রের দাবি, প্রধানমন্ত্রী দেশ ছাড়ার আগেই রবিবার বা সোমবারের মধ্যে প্রয়োজনীয় রদবদল সেরে ফেলা হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৭:২৩
নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

সাংগঠনিক ও মন্ত্রিসভার রদবদলের সঙ্গেই বিভিন্ন ভোটমুখী রাজ্যে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল বদলের কাজ বিজেপি সেরে ফেলতে পারে বলে চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।

আগামী সোমবার ত্রিদেশীয় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির একটি সূত্রের দাবি, প্রধানমন্ত্রী দেশ ছাড়ার আগেই রবিবার বা সোমবারের মধ্যে প্রয়োজনীয় রদবদল সেরে ফেলা হবে। যদিও অন্য একটি অংশের মতে, আগামিকাল দু’দিনের সফরে উত্তরপ্রদেশ যাচ্ছেন বিজেপি সভাপতি নিতিন নবীন। ফের ৬ জুলাই দু’দিনের সফরে জম্মু যাওয়ার কথা রয়েছে তাঁর। সূত্রের দাবি, সভাপতি দিল্লিতে না থাকায় ওই সময়ে রদবদল হওয়ার সম্ভাবনা কম। প্রধানমন্ত্রী ১১ জুলাই ফিরে আসার পরে রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজেপি সূত্রের দাবি, এই রদবদলের সুযোগে রাজ্যপাল পরিবর্তনের কথাও ভেবে রাখা হয়েছে। এঁদের মধ্যে কর্নাটকের রাজ্যপাল থাওয়র চন্দ গহলৌতের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। মেয়াদ শেষ হয়েছে উত্তরাখণ্ডের উপরাজ্যপাল গুরমিত সিংহের। সূত্রের মতে, বয়স ও কাজের খতিয়ানের ভিত্তিতে বেশ কিছু মন্ত্রীকে ছেঁটে ফেলার পরিকল্পনা করা হয়েছে। তাঁদের মধ্যে কাউকেযেমন ফের সংগঠনে ফিরিয়ে আনা হবে, তেমনি রাজ্যপাল করে ‘পুনর্বাসন’ দেওয়া হতে পারে।

গত রাতে অমিত শাহের বাড়িতে দলের সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের বৈঠকের পরেই রদবদলের চর্চা তীব্র হয়। সূত্রের মতে, প্রবীণ ও নবীনের ভারসাম্যে জাতীয় সভাপতি নিতিন নবীনের নিজস্ব ‘টিম’ গড়ে তোলা হচ্ছে। যে ‘টিম’-এর গড় বয়স হবে ৫০-৫৫ বছর। বর্ষীয়ান নেতাদের মধ্যে শাহের ঘনিষ্ঠ বিনোদ তাওড়ে কিংবা সুনীল বনসল সম্ভবত এ বারও দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকবেন।

কেন্দ্রীয় মন্ত্রিসভার পাশাপাশি একাধিক ভোটমুখী রাজ্যের মুখ্যমন্ত্রী বদলের জল্পনা রয়েছে দলের মধ্যে। দিন কয়েক আগেও ভোটমুখী রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী পরিবর্তনের জল্পনা ছিল প্রবল। কিন্তু সম্প্রতি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ ওঠায় এবং বিরোধীরা তাঁর পদত্যাগ দাবি করায় আপাতত তাঁর কুর্সি সুরক্ষিত বলেই মনে করা হচ্ছে। তবে ছত্তীসগঢ় ও রাজস্থানের মুখ্যমন্ত্রী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে ভাল ফল করায় পদোন্নতি ঘটতে পারে কেন্দ্রীয়পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের। রাজস্থানের ওই ভূমিপুত্রকে সে রাজ্যের মুখ্যমন্ত্রী করার জল্পনা রয়েছে। মন্ত্রিসভার সম্প্রসারণ হবে ওড়িশাতেও। সূত্রের মতে, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির কাজেও খুশি নন কেন্দ্রীয় নেতৃত্ব।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

NDA BJP

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy