পশ্চিমবঙ্গ ও বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর ফলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা নাকি কর্নাটকে চলে গিয়েছেন! কর্নাটকের এসআইআরে তাঁদের নাম দক্ষিণের এই রাজ্যের ভোটার তালিকায় যোগ হচ্ছে! কর্নাটকের বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় সরকারের শ্রম ও ছোট-মাঝারি শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগ করেছেন। কর্নাটকের কংগ্রেস সরকারের দিকে অভিযোগের আঙুল তুলে তাঁর দাবি, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় তুলতে রাজ্য সরকারের আধিকারিকদের কাজে লাগানো হচ্ছে।
এখন বিভিন্ন রাজ্যের সঙ্গে কর্নাটকে এসআইআর চলছে। করন্দলাজে এসআইআর প্রক্রিয়ায় কারচুপি হচ্ছে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন। তাঁর অভিযোগ, বেঙ্গালুরু, মেঙ্গালুরু, মাইসুরু, কলবুর্গির মতো এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় যোগ করা হচ্ছে। বিএলও এবং কমিশনের কাজে নিযুক্ত রাজ্য সরকারের আধিকারিকদের উপরে এ বিষয়ে চাপ তৈরি করা হচ্ছে। পশ্চিমবঙ্গ, বিহার থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কর্নাটকে চলে গিয়েছেন। এখন তাঁদের ভোটার তালিকায় নাম তুলে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার।
শোভা সরাসরি কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের দিকেও আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর মৌখিক নির্দেশেই কমিশনের কাজে নিযুক্ত রাজ্যের আধিকারিকরা এই কাজ করছেন। ধর্মীয় স্থান থেকে এসআইআরের এনুমারেশন ফর্ম বিলি করা হচ্ছে। যাঁরা আবেদন করছেন, তাঁদের বৈধ নথি নেই। সাইবার কাফে থেকে তাঁদের নামে ভুয়ো জন্মের শংসাপত্র বিলি করা হচ্ছে। তাঁদের স্থায়ী বসবাসকারীর শংসাপত্র দেওয়ারও পরিকল্পনা করেছে রাজ্য সরকার। দু’বছর পরে ২০২৮-এ কর্নাটকের বিধানসভা নির্বাচন। সেই ভোটে জিততেই কংগ্রেস এই কাজ করছে বলে শোভার অভিযোগ। এ বিষয়ে কমিশনের হস্তক্ষেপ চান তিনি। ওই অভিযোগ উড়িয়ে কংগ্রেসের পাল্টা দাবি, বিজেপি পরিকল্পিত ভাবে গত লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে কংগ্রেস সমর্থকদের নাম বাদ দিয়েছিল। যে সব এলাকায় কংগ্রেস শক্তিশালী, সেখানে ভোটারদের নাম বাদ দিয়ে বিজেপি আসন জিতেছিল। বিজেপি ও নির্বাচন কমিশনের আঁতাঁতে সেই ভোট চুরি প্রমাণ-সহ দেশের সামনে তুলে ধরেছিলেন রাহুল গান্ধী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)