Advertisement
E-Paper

উদ্ধারের প্রশিক্ষণ অভিযানে প্রেয়সীকে চমকে দিলেন শিক্ষানবিশ দমকলকর্মী! কীর্তি দেখে হতবাক নেটপাড়া

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৮:৩৫

ছবি: সংগৃহীত।

নিউ ইয়র্ক সিটি দমকল বিভাগের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে এক শিক্ষানবিশ দমকলকর্মী নাটকীয় ভাবে বিয়ের প্রস্তাব দেন তাঁর প্রেমিকাকে। ঘটনাটি জেনে আবেগে আপ্লুত হয়েছেন নেটাগরিকেরাও। সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই শিক্ষানবিশ দমকলকর্মীর নাম জেসন র‍্যালফ। নিউ ইয়র্ক দমকল বিভাগের ‘ফ্যামিলি ডে’ অনুষ্ঠানে তিনি তাঁর প্রেমিকা ডাসিয়া মুরকে বিয়ের প্রস্তাব দেন। এটি একটি বার্ষিক অনুষ্ঠান, যেখানে শিক্ষানবিশেরা তাঁদের শিক্ষানবিশ কালে অর্জিত দক্ষতা প্রদর্শন করেন। নকল উদ্ধার অভিযান, অগ্নিনির্বাপণ মহড়া ইত্যাদি বিষয়গুলি এই অনুষ্ঠানের অংশ। এই বছর র‍্যান্ডাল’স আইল্যান্ড ফায়ার একাডেমিতে এই অনুষ্ঠানটি হয়েছে বলে জানা গিয়েছে।

সংবাদ প্রতিবেদন অনুসারে, মহড়াটি শুরু হওয়ার সময়ও ডাসিয়ার ধারণা ছিল তিনি একটি নকল উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। মহড়ার অংশ হিসাবে একটি জানালার কার্নিশে বসেছিলেন ওই তরুণী। উপরের একটি স্থানে ছিলেন দমকলকর্মীর সম্পূর্ণ পোশাকে সজ্জিত জেসন। কোমরে দড়ি বেঁধে নিয়ে এক উদ্ধারকারীর মতোই কিছুটা নীচে বসে থাকা প্রেয়সীর কাছে আসেন তিনি। এর পরই এক হাঁটু ভাঁজ করে বসে ডাসিয়াকে বিয়ের প্রস্তাব দেন। জবাবে হাসিমুখে সম্মতি জানান বিস্ময়ে অভিভূত ডাসিয়া।

পরিবারের সদস্য, প্রশিক্ষকেরা এবং অন্যান্য শিক্ষানবিশ দমকলকর্মীর উপস্থিতিতেই এই কাণ্ড ঘটান জেসন। সাধারণ একটি উদ্ধারের মহড়া যেন মুহূর্তে পরিণত হয় বাগ্‌দানের অনুষ্ঠানে। এখানেই শেষ নয়। ডাসিয়া সম্মতি জানানোর পর তাঁকে সেই স্থান থেকে প্রতীকী ‘উদ্ধার’ও করেন জেসন। যদিও ঘটনাটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। নিউ ইয়র্ক দমকল বিভাগের পক্ষ থেকে মজার ছলে জানানো হয়েছে এই বিষয়টিকে সফল করে তুলতে বিভাগীয় সদস্যদের সকলেই সাহায্য করেছেন। বেশ কয়েক জন শিক্ষানবিশ ও দমকলকর্মী ‘আমাকে বিয়ে করো’ লেখা প্ল্যাকার্ডও ধরেছিলেন।

নিউ ইয়র্ক দমকল বিভাগের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল ‘এফডিএনওয়াই’ থেকে ঘটনাটি পোস্ট করা হয়েছে। সেখানে অভিনন্দন জানানো হয়েছে ওই শিক্ষানবিশ দমকলকর্মীকে। পোস্টটি ২৪ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। প্রায় ৩০০ জন তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। যুগলের উদ্দেশে শুভকামনা জানিয়েছেন নেটাগরিকেরাও।

new york Fire Fighter US proposal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy