‘হাউ টু কিল মেন’ অর্থাৎ, কী ভাবে পুরুষদের মারতে হয়। মেট্রোয় ভ্রমণ করার সময় এক তরুণীর ওই শিরোনামের একটি বই পড়ার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা সমাজমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোয় সফর করা এক তরুণী ‘হাউ টু কিল মেন’ শিরোনামের একটি বই পড়ছেন। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। বইটির নাম সঙ্গে সঙ্গে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, মেট্রোর কামরায় বসে রয়েছেন এক তরুণী। তাঁর পরনে কালো টি-শার্ট এবং জিন্স। কোলে রাখা একটি বড় পলিথিনে কিছু জিনিস রাখা। হাতে বই। কমলা মলাটের সেই বইয়ের নাম ‘হাউ টু কিল মেন’। মন দিয়ে বইয়ের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি এত দৃষ্টি আকর্ষণ করলেও তরুণী সত্যিই পুরো বইটি পড়ছিলেন কি না তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। ভিডিয়োয় মূলত বইটির প্রচ্ছদই তুলে ধরা হয়েছে। ফলে তিনি বইটির কতটুকু পড়েছেন বা কেন এটি বেছে নিয়েছেন তা নির্ধারণ করা সম্ভব নয়।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘প্রাঞ্জুল.শ্রীবাস্তব.৭’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রায় ১ কোটি ৯০ লক্ষ বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটাগরিকদের অনেকে যেমন ভিডিয়োটিকে একটি হাস্যরসাত্মক বা বিদ্রূপাত্মক মুহূর্ত হিসাবে দেখছেন, তেমনই অনেকে আবার ঘটনাটিকে বহুল আলোচিত সিয়া-কেতন মামলার সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন, যা অনলাইন বিতর্ককে আরও উস্কে দিয়েছে। তবে নেটাগরিকদের একাংশ আবার তরুণীর পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন:
তবে ভিডিয়োয় যে বইটি দেখা গিয়েছে, তাঁর লেখিকা কেটি ব্রেন্ট। কেটির বেস্টসেলিং সেই উপন্যাসটির পুরো নাম, ‘হাউ টু কিল মেন অ্যান্ড গেট অ্যাওয়ে উইথ ইট’। বইটি কোনও বাস্তব জীবনের গল্প নয়, এটি একটি কল্পকাহিনী যা মনস্তাত্ত্বিক থ্রিলার, ডার্ক কমেডি, ক্রাইম ফিকশন এবং ব্যঙ্গের মিশ্রণ।