মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি জানান, এই মামলায় তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠতে পারে।
২০২৩ সালের মার্চ মাসে সুপ্রিম কোর্ট এক রায়ে জানায়, মুখ্য নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ করবে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা ও প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত একটি কমিটি। সেই বছরেই নরেন্দ্র মোদী সরকারের তরফে একটি আইন পাশ করিয়ে কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়। এই আইন অনুযায়ী, প্রধান বিচারপতির বদলে ওই কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রীর মনোনীত এক জন কেন্দ্রীয় মন্ত্রী।
এই আইনের বিরুদ্ধে ফের সুপ্রিম কোর্টে মামলা হয়। আবেদনকারীরা জানান, প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ায় নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কেন্দ্রের হাত শক্ত হয়েছে।
আজ প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি বলেন, ‘‘আমার কি এই মামলা শোনা উচিত? কেউ আমার বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনতে পারেন। ’’
আবেদনকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, এমন অভিযোগ কেউ করবেন না। তবে প্রধান বিচারপতি এই মামলা না শুনলেই ভাল হয়। প্রধান বিচারপতি জানান, এমন বিচারপতিদের নিয়ে গঠিত বেঞ্চে এই মামলা পাঠানো হবে যাঁদের প্রধান বিচারপতি হওয়ার কোনও সম্ভাবনা নেই। ভূষণ জানান, প্রধান বিচারপতির সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত। ৭ এপ্রিল অন্য বেঞ্চে এই মামলারশুনানি হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)