Advertisement
E-Paper

কুকি-নাগা সংঘর্ষে ফের অশান্ত মণিপুর! মধ্যরাতে একের পর এক বাড়িতে আগুন ধরানোর অভিযোগ, মোতায়েন বাহিনীও

প্রশাসন নির্দেশিকা জারি করে জানায়, অশান্তি কবলিত অঞ্চলে কেউ নিজ নিজ এলাকার বাইরে বেরোতে পারবেন না। রবিবার সন্ধ্যা ৭টায় এই নির্দেশিকা জারি হয়। কিন্তু তার পরেও অশান্তি থামেনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪০
মণিপুরের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ।

মণিপুরের রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। —ফাইল চিত্র।

রাষ্ট্রপতির শাসন উঠেছে। সরকার গঠিত হয়েছে। তবে অশান্তি পিছু ছা়ড়ছে না মণিপুরের। দুই জনজাতি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে রবিবার থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের উখরুল জেলা। বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার সকালেও পরিস্থিতি থমথমে ওই এলাকায়।

রবিবার সন্ধ্যা থেকে নাগা এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। জানা যাচ্ছে, নাগা জনগোষ্ঠীর এক যুবকের উপর হামলার অভিযোগ ওঠে রবিবার। ওই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, কুকি জনগোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহীরাই এই হামলা চালিয়েছে। ওই উত্তেজনা ক্রমে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে রবিবারই উখরুল জেলার লিটন গ্রামে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটান নিরাপত্তাবাহিনীর জওয়ানেরা। পিটিআই জানাচ্ছে, ওই উত্তেজনার মাঝে বেশ কয়েক রাউন্ড গুলি চলার শব্দ পাওয়া গিয়েছে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোয় যে সন্ধ্যায় রাস্তাঘাটে পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করতে হয়। উখরুলের জেলাপ্রশাসন নির্দেশিকা জারি করে জানায়, অশান্তি কবলিত অঞ্চলে কেউ নিজ নিজ এলাকার বাইরে বেরোতে পারবেন না। রবিবার সন্ধ্যা ৭টা থেকে এই নির্দেশিকা জারি করা হয়। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই কড়াকড়ি কার্যকর থাকবে বলেও জানায় জেলাপ্রশাসন।

তবে এরই মধ্যে রবিবার মধ্যরাতে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নাগা জনগোষ্ঠীর বেশ কয়েকটি পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে কুকি বিদ্রোহীদের বিরুদ্ধে। অন্য দিকে কুকি জনগোষ্ঠীরও কয়েকটি পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। সোমবার সকালেও এলাকা দৃশ্যত থমথমে। জেলা প্রশাসনের এক আধিকারিক পিটিআই-কে জানান, এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। কত কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। আপাতত ক্ষয়ক্ষতির হিসাব কষা হচ্ছে বলে জানান তিনি।

রবিবার মধ্যরাতের তাণ্ডবের কিছু ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কয়েক জন সশস্ত্র ব্যক্তি বাড়িতে এবং গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছেন। শূন্যে গুলি চালাতেও দেখা গিয়েছে তাঁদের। সোমবার সকাল থেকে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

Manipur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy