শাসক বিজেপি-এনআর কংগ্রেস জোটের আসন রফা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কিন্তু দক্ষিণ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা ভোটে এখনও সমঝোতা চূড়ান্ত করতে পারেনি ‘ইন্ডিয়া’।
পুদুচেরি বিধানসভার মোট আসন ২০। ‘বড় শরিক’ কংগ্রেসের তরফে ন’টি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হলেও তাতে রাজি হয়নি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দল ডিএমকে। তারা অন্তত ১৪টি আসনে লড়ার দাবি জানিয়েছে।
আরও পড়ুন:
২০১১ সালের নির্বাচনে কংগ্রেস ১৭ এবং ডিএমকে ১১টি আসনে লড়েছিল। অন্য সহযোগীদের ছাড়া হয়েছিল তিনটি। ২০১৬ সালে কংগ্রেস ২১ এবং ডিএমকে ন’টি লড়ে। এ বারও কংগ্রেসের তরফে সেই প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পুদুচেরির দায়িত্বপ্রাপ্ত এআইসিসির পর্যবেক্ষক গিরিশ চোড়ানকর। কিন্তু তাতে ডিএমকে রাজি হয়নি জানিয়ে তিনি শনিবার বলেন, ‘‘ওরা যে প্রস্তাব দিয়েছে, তা মানা সম্ভব নয়।’’ কী সেই প্রস্তাব? গিরিশ জানান, ১৪টি আসনের দাবি জানিয়েছে ডিএমকে।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটে পুদুচেরিতে কংগ্রেস ১৪ এবং ডিএমকে ১৩ আসনে লড়েছিল। এ প্রসঙ্গে গিরিশের ব্যাখ্যা, ‘‘গত বার ইডির হুমকি আর বিজেপি টাকায় লোভে আমাদের কয়েক জন বিধায়ক দলত্যাগ করেছিলেন। ভাল কয়েকটি আসন তাই আমরা ডিএমকে-কে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এ বার পরিস্থিতি পুরোপুরি আলাদা।’’ পাশের রাজ্য তামিলনাড়ুতে যে ডিএমকে মাত্র ২৮টি আসন কংগ্রেসকে ছেড়েছে, সে প্রসঙ্গও তুলেছেন তিনি। প্রসঙ্গত, আগামী ৯ এপ্রিল এক দফায় পুদুচেরিতে বিধানসভা ভোট। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ মার্চ। মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীর এনআর কংগ্রেস এ বার ১৬টি আসনে প্রার্থী দিয়েছে। তাদের সহযোগী বিজেপি ১০, এডিএমকে ২ এবং এলজেকে ২টি আসনে লড়ছে।