কংগ্রেসের নেতৃত্বাধীন সাত দলীয় জোটে যোগ না দিয়ে অসমের বিধানসভা ভোটে আলাদা ভাবে লড়াইয়ের কথা ঘোষণা করল তৃণমূল। শনিবার দলের তরফে প্রথম দফায় ১৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
তৃণমূলের তরফে শনিবার যে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, দলের রাজ্য সহ-সভাপতি দুলু আহমেদ (চামারিয়া) এবং বড়ো জনগোষ্ঠীর নেতা উদাংশ্রী নার্জারি (কোকরাঝাড়)। দ্রুত আরও কয়েকটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে তৃণমূল। কংগ্রেসের তরফেও শনিবার চতুর্থ তালিকায় সাত জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, আগামী ৯ এপ্রিল এক দফাতেই অসমের ১২৬ বিধানসভা আসনে ভোট হবে। গণনা আগামী ৪ মে, পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরির সঙ্গে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, এ বার কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোটে সিপিএম, সিপিআইএমএল (লিবারেশন), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), প্রাক্তন আসু (অল অসম স্টুডেন্টস ইউনিয়ন) নেতাদের দল ‘অসম জাতীয় পরিষদ’, জনজাতি সংগঠন ‘অল পার্টি হিল লিডারস কনফারেন্স’ এবং সিএএ বিরোধী আন্দোলনের নেতা অখিল গগৈয়ের রাইজর দল শামিল হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারের পতন ঘটাতে ঐক্যবদ্ধ ভাবে লড়ার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ অন্য বিরোধী দলগুলিকেও বার্তা দিয়েছেন।