Advertisement
E-Paper

অসমে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে তৎপর কংগ্রেস, বিরোধী জোটে যোগ দিল অখিল গগৈয়ের রাইজর দল

প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং সিএএ বিরোধী আন্দোলনের নেতা অখিল গগৈ যৌথ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সমঝোতার শর্ত মেনে ১১টি বিধানসভা আসনে বিরোধী জোটের শরিক হিসাবে লড়বে রাইজর দল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ২২:০৮
Congress seals alliance with Raijor Dal of Akhil Gogoi, PCC President Gaurav Gogoi says, came together to build new Assam

(বাঁ দিকে) অখিল গগৈ এবং গৌরব গগৈ (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিধানসভা ভোটের আগে একের পর এক নেতার দলত্যাগেও হতাশ নয় কংগ্রেস। উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্তম রাজ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন বিজেপিকে পরাস্ত করতে এ বার নতুন সহযোগীদের পাশে পেল রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়গের দল। সিএএ বিরোধী আন্দোলনের নেতা অখিল গগৈয়ের নেতৃত্বাধীন রাইজর দল শুক্রবার আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসের সঙ্গে জোট গঠনের কথা ঘোষণা করেছে।

প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ এবং অখিল যৌথ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সমঝোতার শর্ত মেনে ১১টি বিধানসভা আসনে বিরোধী জোটের শরিক হিসেবে লড়বে রাইজর দল। দু’টি আসনে ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সমঝোতা চূড়ান্ত হওয়ার পরে শুক্রবারই পূর্ব অসমের শিবসাগর বিধানসভা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন অখিল। প্রসঙ্গত, এর আগে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোটে সিপিএম, সিপিআইএমএল (লিবারেশন), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), প্রাক্তন আসু (অল অসম স্টুডেন্টস ইউনিয়ন) নেতাদের দল ‘অসম জাতীয় পরিষদ’ এবং জনজাতি সংগঠন ‘অল পার্টি হিল লিডারস কনফারেন্স’ শামিল হয়েছে।

বিধানসভা ভোটে হিমন্তকে হারাতে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের পুত্র গৌরবকে কংগ্রেসের সেনাপতি করা হয়েছে। কিন্তু গৌরব দায়িত্ব নেওয়ার পরে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা থেকে নগাঁও লোকসভা কেন্দ্রের সাংসদ প্রদ্যোৎ বরদলৈয়ের মতো প্রথম সারির নেতারা দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই পরিস্থিতি অখিলের সঙ্গে জোট গড়ে কংগ্রেস কিছুটা স্বস্তি পেল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। অসমের রাজনীতিতে অতি পরিচিত নাম অখিল। নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি। সেই আন্দোলনের জেরে ১৯ মাস জেলে থাকতে হয়েছিল তাঁকে।

Assam Assembly Elections Congress Akhil Gogoi PCC Gaurav Gogoi Assam Himanta Biswa Sarma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy