ভারতকে মহাকাশ প্রযুক্তি বিক্রি করবে ফ্রান্স। তিন ভারতীয় সংস্থার সঙ্গে চুক্তি সারল ফ্রান্সের সংস্থা। এমনটাই জানাচ্ছে সংবাদসংস্থা রয়টার্স। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। ঘটনাচক্রে, ওই বৈঠকের কয়েক ঘণ্টা আগেই এই চুক্তির কথা প্রকাশ্যে এল।
ফ্রান্সের সংস্থা এক্সোট্রেলের সঙ্গে চুক্তি হয়েছে তিন ভারতীয় সংস্থা ধ্রুব স্পেস, পিক্সেল এবং এক্সডিলিঙ্ক্স ল্যাব্স-এর সঙ্গে। মঙ্গলবার দুপুরে এক্সোট্রেল নিজেই এই চুক্তির কথা ঘোষণা করেছে। এক্সোট্রেল মূলত বিভিন্ন মহাকাশ প্রযুক্তি তৈরি করে। জানা যাচ্ছে, তারা তিন ভারতীয় সংস্থাকে ‘প্রপালশন সিস্টেম’ বিক্রি করবে। কত টাকার প্রযুক্তি কেনার বিষয়ে এই চুক্তি হয়েছে, তা প্রাথমিক ভাবে প্রকাশ্যে আসেনি।
যে তিন ভারতীয় সংস্থার সঙ্গে এক্সোট্রেল চুক্তি সেরেছে, তিনটিই মহাকাশ প্রযুক্তির সঙ্গে যুক্ত। ধ্রুব স্পেস কৃত্রিম উপগ্রহ তৈরি করে। পিক্সেল তৈরি করে মহাকাশ প্রযুক্তির বিভিন্ন পরিকাঠামো। এক্সডিলিঙ্ক্স ল্যাব্স-ও ছোট কৃত্রিম উপগ্রহের ডিজ়াইন তৈরি করে।
আরও পড়ুন:
প্রতিরক্ষা ক্ষেত্রে ফ্রান্সের সঙ্গে আগেই বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছে ভারত। ফ্রান্সের থেকে কেনা হয়েছে রাফাল যুদ্ধবিমান। সে দেশ থেকে আরও রাফাল কিনতে আগ্রহী নয়াদিল্লি। গত সপ্তাহেই এই সংক্রান্ত চুক্তিতে সবুজসঙ্কেত দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ বিশেষ কমিটি। মাক্রোঁ ভারত সফরকালে রাফাল চুক্তির বিষয়ে আরও অগ্রগতি হবে কি না, তা নিয়ে কৌতূহল দানা বেঁধেছে জনমানসে। এরই মধ্যে মহাকাশ প্রযুক্তিতেও নয়া গাঁটছড়া বাঁধল ভারত এবং ফ্রান্সের সংস্থা।
এ বিষয়ে বেঙ্গালুরুর মহাকাশ প্রযুক্তি সংস্থা পিক্সেল ইতিমধ্যে একটি বিবৃতি প্রকাশ করেছে। তারা জানিয়েছে, এই চুক্তির আওতায় পিক্সেলের তৈরি কৃত্রিম উপগ্রহগুলিতে এক্সোট্রেলের প্রপালশন সিস্টেম ব্যবহার করা হবে। ২০২৭ সালের মধ্যে পিক্সেল এগুলি পেয়ে যাবে বলে জানানো হয়েছে।