হরিয়ানার পলওয়ালে হেপাটাইটিসের আতঙ্ক বাড়ছে। গত দু’সপ্তাহে সাত জনের মৃত্যুতে সেই আতঙ্ক এক ধাক্কায় বহ গুণে বাড়িয়ে দিয়েছে। সন্দেহ করা হচ্ছে, হেপাটাইটিসের সংক্রমণেই মৃত্যু হয়েছে। যদিও স্থানীয়দের দাবি, ২০ জনের মৃত্যু হয়েছে।
ইন্ডিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, ছাঁইসা গ্রামের ঘটনা। সেই গ্রামের এক তরুণ বলেন, ‘‘এটি এখন রোগীদের গ্রামে পরিণত হয়েছে। অনেক মানুষের মৃত্যু হয়েছে।’’ আরও এক ব্যক্তি দাবি করেন, এখানে প্রতিটি বাড়িতে কেউ না কেউ অসুস্থ। হেপাটাইটিসের আতঙ্ক ছড়াতেই সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলিতে স্বাস্থ্যপরীক্ষার জন্য দলে দলে হাজির হচ্ছেন গ্রামবাসীরা। এক বৃদ্ধা বলেন, ‘‘মহামারির মতো পরিস্থিতি। শিশুরাও অসুস্থ হয়ে পড়ছে।’’
একই গ্রাম থেকে আক্রান্তের খবর আসতে শুরু করায় উদ্বেগে স্বাস্থ্য দফতরও। ওই গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে স্বাস্থ্য দফতরের কর্মীরা নজরদারি চালাচ্ছেন। শিবির করে স্বাস্থ্যপরীক্ষাও করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর। তবে তাতেও আতঙ্ক কমছে না। কী ভাবে এবং কোথা থেকে এই সংক্রমণ ছড়িয়েছে, তা নিয়েও ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। স্বাস্ত্য দফতরের এক কর্তা বাসুদেব গুপ্ত জানিয়েছেন, স্বাস্থ্যপরীক্ষা করানো হচ্ছে। কারও সংক্রমণ ধরা পড়লেই নমুনা সংগ্রহ করে দ্বিতীয় বার পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। মৃত্যুর বিষয়ে বাসুদেব দাবি করেন, যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে ৩-৪ জনের হেপাটাইটিস বি-র সংক্রমণ ধরা পড়েছিল। তাঁর কথায়, ‘‘কয়েক জনের মৃত্যু হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বাড়ছে। তবে প্রশাসন এবং স্বাস্থ্য দফতরের তরফে সচেতনতামূলক প্রচারও করা হচ্ছে। অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’’