এই এপ্রিলে গরমের আগের সব রেকর্ড ভেঙে যাবে বলে সতর্কবার্তা দিলেন আবহবিদেরা। দেশের কোনও কোনও প্রান্তে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছোবে যা নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন তাঁরা। আগামী কয়েক দিন গরমের তীব্রতা আরও বাড়বে। তাপমাত্রা কোথাও কোথাও ৪৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছোতে পারে। ইতিমধ্যেই দেশের ১০ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও।
আবহবিদেরা জানাচ্ছেন, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে তাপমাত্রা ৪৮ ডিগ্রির ঘরে পৌঁছোবে। ফলে এই সময় সাধারণ মানুষের সতর্ক থাকা প্রয়োজন বলে পরামর্শ দিয়েছেন তাঁরা। বিশেষ করে শিশু, বয়স্ক এবং বাড়ির বাইরে যাঁরা কাজ করেন। তবে তাপপ্রবাহ দেশের কয়েকটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমনটা নয়। দিল্লি-সহ উত্তর ভারত তো বটেই, পূর্ব ভারতেও আগামী দিনে তাপমাত্রা ৪৩-৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছোবে।
মৌসম ভবন জানিয়েছে, হরিয়ানা, পঞ্জাব, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ়, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, গুজরাত এবং ওড়িশায় তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। কোনও কোনও রাজ্যে এপ্রিলে গরমের আগের সব রেকর্ড ভেঙে দিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং ঝাড়খণ্ড।
মৌসম ভবনের বুলেটিন অনুযায়ী, দেশের বেশির ভাগ অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। তবে পশ্চিম হিমালয় অঞ্চল, পূর্ব ভারত সংলগ্ন উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ এবং দেশের পশ্চিম উপকূলে তাপমাত্রা খুব একটা বাড়বে না এই সময়ে। শুক্রবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে।
তাপপ্রবাহের পরিস্থিতি চলবে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, ওড়িশায়। ২৭ এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। ২৬ এপ্রিল পর্যন্ত ত্রিপুরা, কোঙ্কণ, গোয়া, গুজরাত, উপকূলীয় কর্নাটক, কেরলে। ২৯ এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি থাকবে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকলে।